
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল-বিরোধী বিক্ষোভ চলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে এমন একটি দাবি করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এটি ২০২২ সালে ফ্রান্সে কুর্দিদের বিক্ষোভের দৃশ্য। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং তথ্য যাচাইকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে এক বন্দুকধারীর হামলায় তিন কুর্দি নাগরিক নিহত হন। এই ঘটনার প্রতিবাদে প্যারিসে কুর্দি জাতিগোষ্ঠীর সদস্যরা ব্যাপক বিক্ষোভ করেন। পরবর্তীতে এই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৩১ মে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ফ্রান্সের রাজধানী প্যারিসে #ইসরাইল বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র।” ৩৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সড়কে বেশ কিছু গাড়ি এলোমেলো অবস্থায় পড়ে আছে। কিছু যানবাহনে আগুন জ্বলতেও দেখা যায়। ১৯ সেকেন্ডে দেখা যায়, একটি বাস স্টপের কাচ ভাঙচুর করছে বেশ কয়েকজন ব্যক্তি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২০ হাজার বারের বেশিবার দেখা হয়েছে।

ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫) ব্যক্তিগত প্রোফাইল এবং পেজ থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।
সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম বিবিসির ২০২২ সালের ২৩ ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে ভিডিওটির একটি দৃশ্য দেখা যায়। এ প্রতিবেদনে বলা হয়েছে, “প্যারিসে সশস্ত্র হামলায় তিনজন নিহত হওয়ার পর, আজ আবারও কুর্দি বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।” এছাড়াও একাধিক (১, ২, ৩) প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। এ প্রতিবেদনগুলোতেও ছবিগুলোকে প্যারিসে সংঘটিত কুর্দি বিক্ষোভের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওর ১৯ সেকেন্ডে যে দৃশ্য দেখা যায়, সেটি রিভার্স ইমেস সার্চ করলে তুরস্ক-ভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের ২০২২ সালের ২৫ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির দ্বিতীয় অংশের সঙ্গে হুবহু মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, “তিনজনকে হত্যার সেই সশস্ত্র হামলার প্রতিবাদের অজুহাতে, পিকেকে সন্ত্রাসী সংগঠনের সমর্থকরা ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতা চালায়।” আরেকটি প্রতিবেদনেও ভিডিওটিকে কুর্দিদের বিক্ষোভের হিসেবে উল্লেখ করা হয়। রাশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম নভায়া গ্যাজেটের প্রতিবেদনেও ভিডিওটির একটি দৃশ্য দেখা যায়।

পূর্বে একই ভিডিও ভিন্ন ভিন্ন দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ালে একাধিক আন্তর্জাতিক তথ্য যাচাইকারী সংস্থা (১, ২, ৩) ভিডিওটিকে প্যারিসে ২০২২ সালে কুর্দিদের প্রতিবাদের ভিডিও হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, প্যারিসে কুর্দি বিক্ষোভের পুরোনো ভিডিও ছড়াচ্ছে ইসরায়েল-বিরোধী বিক্ষোভের দাবিতে।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে একজন বন্দুকধারী ব্যক্তি তিনজন তুর্কি নাগরিককে ফ্রান্সের রাজধানী প্যারিসে হত্যা করে। এ ঘটনায় কুর্দিরা প্যারিসে বিক্ষোভের পাশাপাশি শোকমিছিল করে।