তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
তারেক রহমান নয়, খালেদা জিয়ার মন্তব্য ছিল এরশাদকে নিয়ে

তারেক রহমান নয়, খালেদা জিয়ার মন্তব্য ছিল এরশাদকে নিয়ে

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বেগম খালেদা জিয়ার মন্তব্য দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি সম্পাদিত। এতে বক্তব্যের দুইটি ভিন্ন সময়ের অংশ জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে খালেদা জিয়া মূলত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রসঙ্গে বলেছিলেন, তারেক রহমানকে নিয়ে নয়। 

বাংলাদেশ ২.০ নামে একটি ফেসবুক পেজ গত ৩০ আগস্ট ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “আপনারা যতই বলেন যে আন্দোলন… আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি। এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল হচ্ছে…তারেক রহমানকে তো আপনারা ভালো করেই চেনেন। বউয়ের সঙ্গেও গণ্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।”

তারেক রহমান নয়, খালেদা জিয়ার মন্তব্য ছিল এরশাদকে নিয়ে
ভুয়া দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “তারেক রহমানকে নিয়ে একি বললেন খালেদা জিয়া! তাহলে তারেক রহমান ক্ষমতা লোভী? আসলেই ইন্ডিয়ার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছেন? আন্দোলন কেন ঢাকায় করা সম্ভব ছিল না? পুরো কথার অর্থ কেউ ভালভাবে বুঝিয়ে দিতে পারবেন?” 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৩ লাখ ৮৯ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং তিন হাজারের বেশি বার শেয়ার হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, “আমার মনে হ্য ডিপ স্টেট আর তারেক রহমান মিলে খালেদা জিয়াকে মেরে ফেলছে।” আরেকজন লিখেছেন, “এটা এআই ভয়েস হতে পারে কারন তারেক রহমান ভাইতো দেখি উনার স্ত্রীর প্রতি বেশ ভালবাসার বন্ধনে আবদ্ধ।”

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ২০১৫ সালের ৪ নভেম্বর ‘তারেক রহমান’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ১ ঘণ্টা ১২ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওর সঙ্গে থাকা ক্যাপশনের অনুবাদ, “বেগম খালেদা জিয়ার বক্তব্য। পার্ক প্লাজা, লন্ডন। ১ নভেম্বর, ২০১৫”। এই ভিডিও থেকে পাওয়া কিওয়ার্ড সার্চ করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১লা নভেম্বর লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ নিয়ে দুই অংশের (, ) ভিডিও পাওয়া যায়।

বিএনপি-এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল বক্তব্যের প্রথম অংশ 

২০১৫ সালের ৪ নভেম্বর প্রকাশিত প্রথম অংশের ২৫ মিনিট ৩০ সেকেন্ডে ২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই এরশাদ প্রথমে অংশগ্রহণ করে নাই। এরশাদ কিন্তু রংপুর থেকে এরশাদ উইথড্র করেছে তার সিট। ঢাকা থেকে করতে চেয়েছে, জোর করে তাকে করতে দেয়া হয়নি। তাকে সিএমএইচ এ- সাথে কিন্তু অংশগ্রহণ করতে চায়নি। এখানে আবার পরিবারের মধ্যে গন্ডগোল আছে। তাকে তো আপনারা ভালো করে চিনেন। বউয়ের সঙ্গেও গন্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।” 

বিএনপি-এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল বক্তব্যের দ্বিতীয় অংশ

ভিডিওর ২য় অংশের ৪ মিনিট ৪৪ সেকেন্ডে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “আপনারা যতই বলেন সে আন্দোলন আন্দোলন… ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি। কিন্তু গ্রাম দেশে যে কি আন্দোলন হয়েছে স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের সময় এরকম আন্দোলন হয়নি।”

অর্থাৎ, খালেদা জিয়ার বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদের স্থলে তারেক রহমানের নাম জুড়ে দিয়ে এবং ভিডিওর দুই অংশ যুক্ত করে ভিডিওটি সম্পাদনা করে ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে।

আরো কিছু লেখা