
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হচ্ছে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওর দৃশ্যটি ২০২৫ সালের অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার।
ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২৫ জুলাই ৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে সংসদ ভবন এলাকায় বহু মানুষের ভিড় দেখা যায়। ভিড়ের একাংশ ক্যামেরার দিকে এগিয়ে আসছে। ভিডিওতে এক ব্যক্তিকে ধারা বিবরণীর ভঙ্গিতে বলতে শোনা যায়, “দর্শক, দেখতে পাচ্ছেন ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ বলে স্লোগান তুলছেন”। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ছয় লক্ষাধিকবার দেখা হয়েছে এবং ৭ হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে। পোস্টে ব্যবহারকারীদের আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।
একই ভিডিও পোস্ট করে আরেকটি প্রোফাইলে লেখা হয়েছে, “বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের কার্যক্রমের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে- ময়মনসিংহ- নান্দাইল ঢাকা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি এক লক্ষ বারের বেশি দেখা হয়েছে এবং ৫০০ বারের বেশি শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক প্রোফাইল (১, ২) থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
অনুসন্ধানে ভিডিও থেকে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব ইউটিউবে ঢাকা জার্নাল নামের চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওটির শিরোনামে লেখা, “জুলাই যোদ্ধাদের যেভাবে সংসদ ভবন এলাকা থেকে সরায় পুলিশ।” ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রকাশিত ১ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওটির ৪২ সেকেন্ডে থাকা একাধিক ব্যক্তি, তাদের পোশাক ও ভিড়ের দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।
বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে তথ্যবৃত্তান্ত নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রকাশিত ভিডিওর শিরোনাম, “সংসদ ভবন থেকে জুলাই যোদ্ধা বহিষ্কার।” ভিডিওটির ৫ সেকেন্ডের দৃশ্যে থাকা ব্যক্তিদের পোশাক ও অন্যান্য দৃশ্য সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এই ভিডিওতে জনতাকে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে শোনা যায়, একপর্যায়ে “গুলি করছে, গুলি করছে”ও শোনা যায়। এই ভিডিওতে “শেখ হাসিনা” বলে স্লোগান দিতে শোনা যায়নি কাউকে।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন (১, ২, ৩, ৪) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঘটনা এটি। সেদিন তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ পরে সরিয়ে দেয় পুলিশ। এ সময় অনেককে লাঠিপেটা করতে দেখা যায়।

অর্থাৎ, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একটি ঘটনার দৃশ্যকে শেখ হাসিনার নামে স্লোগানের দাবিতে প্রচার করা হচ্ছে।