নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্ট চেক জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ছড়াচ্ছে একাধিক স্থানের পুরোনো ভিডিও

জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ছড়াচ্ছে একাধিক স্থানের পুরোনো ভিডিও

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার দাবিতে একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছড়ানো একটি ভিডিওতে ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে হওয়া ভূমিকম্পের দৃশ্য দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওর দৃশ্য ২০২৫ সালের ২৮ মার্চ মায়ানমারে হওয়া ভূমিকম্পের।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২০ এপ্রিল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “৭.৪ মাত্রার ভূমিকম্পের পর উত্তর-পূর্ব জাপানে এখন সুনামি আঘাত হানছে।” ২০ সেকেন্ডের ভিডিওটি মূলত একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা দৃশ্য। দেখা যায়, ভূমিকম্পের ফলে ভবন এবং রাস্তার বৈদ্যুতিক খুঁটিগুলো কাঁপছে। চতুর্থ সেকেন্ডে রাস্তা ভেঙে যেতে দেখা যায়, পাশ থেকেও কিছু বস্তু উড়ে সামনে চলে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১১ হাজারের বেশিবার দেখা হয়েছে।

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে জাপান-ভিত্তিক সংবাদমাধ্যম এমবিএস নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও আসে। ভিডিওটির শিরোনাম ছিল, “(ভূমিকম্পের মুহূর্ত) বাড়ির দেয়াল ধসে পড়ছে… প্রচণ্ডভাবে দুলছে বিদ্যুতের তার, ভয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে আছেন পথচারীরা—নোটো উপদ্বীপের ভূমিকম্পে ইশিকাওয়া প্রিফেকচারের আনামিজু শহরের দৃশ্য (ড্রাইভিং রেকর্ডার ফুটেজ)।”

ফ্যাক্ট চেক জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ছড়াচ্ছে একাধিক স্থানের পুরোনো ভিডিও
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্ট (বামে) এবং জাপান-ভিত্তিক সংবাদমাধ্যম এমবিএস নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও (ডানে)।

ভিডিওর বিস্তারিত বিবরণে বলা, “১ জানুয়ারি ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে সর্বোচ্চ ৭ মাত্রার (জাপানিজ ইনটেনসিটি স্কেল) ভূমিকম্প অনুভূত হয়। এই ভিডিওটি সেই ভূমিকম্পের মুহূর্তের, যা ইশিকাওয়া প্রিফেকচারের আনামিজু শহরে চলন্ত একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের জরুরি সতর্কতা বাজার পরপরই গাড়িটি প্রচণ্ডভাবে দুলতে শুরু করে এবং আশেপাশের ঘরবাড়ির দেয়াল ধসে পড়ছে। বিদ্র: ভিডিওটির ভেতরে ভূমিকম্পের জরুরি সতর্কবার্তার শব্দ (অ্যালার্ম) রয়েছে।” 

৫৩ সেকেন্ডের ভিডিওটির ২৭ থেকে ৪৭ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যে এবং অডিওতে হুবহু মিল রয়েছে। এ ভিডিওতেও রাস্তা আংশিক ভেঙে পড়তে এবং পাশ থেকে বস্তু উড়ে আসতে দেখা যায়। অধিকতর যাচাইয়ে দেখা যায়, একাধিক (, , ) আন্তর্জাতিক গণমাধ্যম ২০২৪ সালের ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে হওয়া ভূমিকম্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া, অতীতেও তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার তাদের একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে এই ভিডিওটিকে ২০২৪ সালের সংঘটিত হওয়া ভূমিকম্পের দৃশ্য বলে জানিয়েছে। 

ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি দোকানে নীল রঙের জামা পরিহিত এক নারী বসে আছে। ভূমিকম্প শুরু হলে তার উপর দোকানের সামগ্রীগুলো পড়ে যায়। ভিডিওর ভেতরে লেখা, “গত কালকে জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।” শুরু ১৪ সেকেন্ড পর্যন্ত এ ভিডিওটি দেখা যায়, এরপর আরেকটি ভিডিও শুরু হয়। এ ভিডিওটি ফেসবুকের আরেকটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও শেয়ার করা হয়েছে। 

এই ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৩১ মার্চে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে। ভিডিওটির শিরোনাম ছিল, “মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহ মুহূর্ত: দোকানের তাকগুলো ছিটকে পড়ছে।”

ফ্যাক্ট চেক জাপানের সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ছড়াচ্ছে একাধিক স্থানের পুরোনো ভিডিও
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্ট (বামে) এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও (ডানে)।

বিস্তারিত বিবরণে বলা, “মিয়ানমারের একটি ইলেকট্রনিক্স দোকানের সিসিটিভি (CCTV) ফুটেজে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার মুহূর্তটি ধরা পড়েছে। এতে দেখা যায়, পুরো ভবনটি প্রচণ্ডভাবে কাঁপছে এবং দোকানের তাকগুলো হুড়মুড় করে নিচে পড়ে যাচ্ছে।” ২৯ সেকেন্ডের ভিডিওটির প্রথম ১৫ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে। অধিকতর যাচাইয়ে দেখা যায়, একাধিক (, , ) আন্তর্জাতিক গণমাধ্যম ২০২৫ সালে মায়ানমারে হওয়া ভূমিকম্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের প্রভাবে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে জাপান মিটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। 

অর্থাৎ, জাপানে সংঘটিত হওয়া সাম্প্রতিক ভূমিকম্পের দাবিতে ছড়াচ্ছে একাধিক পুরোনো ভূমিকম্পের ভিডিওর দৃশ্য। এর আগেও ভূমিকম্প নিয়ে একাধিক অপতথ্য ছড়ালে সেগুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

আরো কিছু লেখা