জামায়াতে ইসলামীর নারী সমাবেশে সংখ্যা বেশি দেখাতে বোরকা পরে পুরুষদের অংশগ্রহণ, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি ২০২৫ সালে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সেনাবাহিনী কর্তৃক নারীর ছদ্মবেশধারী এক যুবককে তল্লাশির দৃশ্য।
ফেসবুকে ‘সিরাজ ভাই ২’ (Siraz Bhai 02) নামের একটি পেজ থেকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ভেতরে লেখা হয়, “জামাতের মহিলা সমাবেশে সংখ্যা বেশি দেখাতে বোরকা পরে পুরুষদের অংশগ্রহণ।” ভিডিওতে দেখা যায়, কালো বোরকা-নিকাব পরা, আর কাঁধে ফিলিস্তিনের পতাকা জড়ানো এক ব্যক্তিকে তল্লাশি করছেন এক সেনাসদস্য। ওই ব্যক্তির মুখ থেকে কালো নিকাব সরিয়ে দিতেও দেখা গেছে। মন্তব্যে একজন লিখেছেন, “জামাত বলে কথা জামাত পারেনা এমন কোন কাজ নাই।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৩০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং দুই হাজার ৩০০ বার শেয়ার করা হয়েছে।

ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ডিসমিসল্যাব দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। ২০২৫ সালের ১২ এপ্রিল প্রকাশিত পোস্টের শিরোনাম, “মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীর মুখ থেকে বোরকার নেকাব টেনে খুলল সেনাবাহিনী।” ভিডিওটির শুরুর দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। উভয় ভিডিওতেই সেনাবাহিনী কর্তৃক বোরকা পরা এক যুবককে তল্লাশি করতে দেখা যায়।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। ২০২৫ সালের ১২ এপ্রিল দৈনিক জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সমাবেশে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তার পরনে ছিল বোরকা, মুখে নিকাব।

উল্লেখ্য, গত জানুয়ারিতে একই দাবি সংবলিত ভিডিও ফেসবুকে ছড়িয়েছিল। ওই সময় একাধিক তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক প্রতিবেদন (১, ২, ৩) প্রকাশ করে।
অর্থাৎ, জামায়াতে ইসলামীর নারী সমাবেশে পুরুষের উপস্থিতির দাবিটি মিথ্যা। ২০২৫ সালে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এক যুবককে তল্লাশির পুরোনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

