
একটি বক্তব্যের ভিডিও ক্লিপ সম্প্রতি একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য নাকি বলেছেন, “গৌর গোবিন্দ যেভাবে পালিয়েছিল, হিন্দুরাও সেভাবে পশ্চিমবঙ্গ থেকে পালাবে।” তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওর বক্তা জামায়াতের কোনো সংসদ সদস্য নন। বক্তা মূলত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এবং তিনি সংসদ সদস্য নন।
ভয়েজ অব বিডি হিন্দুস নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয় বাংলাদেশ সময় ৩ জুলাই রাত ৯টা ১৮ মিনিটে। অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে পরিচালিত বলে দাবি করা হচ্ছে। তবে, অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায় এটি যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়।
পোস্টের ইংরেজি ক্যাপশন বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “পশ্চিমবঙ্গ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ. কে. ফজলুল হকের! আমরা শাহ জালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ যেভাবে পালিয়েছিল, হিন্দুরাও সেভাবে পশ্চিমবঙ্গ থেকে পালাবে। সমাবেশ থেকে জামায়াত এমপির স্পষ্ট হুঁশিয়ারি।”

পোস্টের ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরী। আমরা হযরত শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল। তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি দুই শতাধিক বারের বেশি শেয়ার হয়েছে, ভিডিওটি ১৩ হাজারের বেশি বার দেখা হয়েছে।
একই দাবিতে একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম (১, ২) অ্যাকাউন্ট থেকেও ছড়াতে দেখা গেছে ভিডিওটি।

কিফ্রেম ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড নিয়ে সার্চ করলে জানা যায়, এটি চলতি বছরের ২০ জুনে খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের (১, ২) দৃশ্য। ছড়িয়ে পড়া ভিডিওতে যাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে, তিনি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নন। তার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়, সেখানে সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও পাওয়া যায়। গত ২৩ জুন পোস্ট হওয়া ৪ মিনিট ৪৮ সেকেন্ডের বক্তব্যে দেখা যায়, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কথা বলার সময় পালানোর প্রসঙ্গ তুলেছিলেন ইরান। তবে, তার বক্তব্যে “হিন্দু ধর্মাবলম্বী” শব্দ দুটি ব্যবহার করতে দেখা যায়নি।
অর্থাৎ, “গৌড় গোবিন্দ”কে নিয়ে দেওয়া বক্তব্যটি লেবার পার্টির চেয়ারম্যানের, জামায়াতের সংসদ সদস্যের নয়।