
এক ব্যক্তির ফেশিয়াল ম্যাসাজ নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওর ওই ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ম্যাসাজ নেওয়া ব্যক্তিটি জসপাল সিং সারাই নামের এক ব্যক্তি।
ফেসবুকে ‘চ্যানেল ফোরটিন (Channel 14)’ নামের একটি পেজ থেকে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, “গুলশান স্পা সেন্টারের জামাতের এমপি শাহজাহান চৌধুরীর ভিডিও ভাইরাল”। ভিডিওর ভেতরের ক্যাপশনেও দেখা যায় একই লেখা। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটিতে ২ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। এটি শেয়ার হয়েছে সাত শতাধিক বার।
এর বাইরে আরও কিছু অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয় (১, ২, ৩)।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেও একই দাবিতে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘পরদীপ কৌর ধিলন’ (pardeep.kaur.dhillon) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১২ এপ্রিল পোস্ট করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে ম্যাসাজ, স্পা ও সেলফ-কেয়ার জাতীয় শব্দ লেখা ছিল।
একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৮ মার্চ পোস্ট করা ভিন্ন আরেকটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতেও একই ব্যক্তিকে ফেশিয়াল ম্যাসাজ নিতে দেখা যায়। পরে অ্যাকাউন্টটি ঘেঁটে গত ১৬ মার্চের একটি পোস্ট পাওয়া যায়। সেখানে ভিডিওর ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে উল্লেখ করেন পরদীপ কৌর।

পরদীপ কৌরের ফেসবুক প্রোফাইল খুঁজে বের করা হয়। সেখানে ১৪ এপ্রিল করা একটি পোস্টে নিজের স্বামীর প্রোফাইল ট্যাগ করেন পরদীপ কৌর। এ থেকে জানা যায়, তার স্বামীর নাম ‘জসপাল সিং সারাই’ (Jaspal Singh Sarai)। অ্যাকাউন্টে থাকা তথ্য অনুযায়ী, এই দম্পতি ভারতের বাসিন্দা, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন।
অর্থাৎ, বাংলাদেশের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গুলশানে ম্যাসাজ নিচ্ছেন দাবিতে ছড়ানো ভিডিওর পুরুষ ব্যক্তিটি জসপাল সিং সারাই নামের একজন।
এর আগে গত এপ্রিলে একই ভিডিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছিল। তখন একাধিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান এই ভিডিও নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে (১, ২, ৩)।