মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
iran president foot touching video factcheck

হিন্দু ধর্মীয় গুরুর পা ছুঁয়ে প্রণাম করেননি ইরানের প্রেসিডেন্ট

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

ব্রিকস সম্মেলন শেষে এক হিন্দু ধর্মগুরুর পা ছুঁয়ে প্রণাম করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি খণ্ডিত। প্রকৃতপক্ষে, হাত থেকে পড়ে যাওয়া কাগজ তুলতে নিচু হয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট। সেই সময় ওই ধর্মগুরুকেও নিচু হতে দেখা গেছে।

ফেসবুকের ‘তপোবন টিভি’ (Tapoban T V) নামের একটি প্রোফাইল থেকে গত ১৩ সেপ্টেম্বর ৩৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করে লেখা হয়, “ব্রিকস সম্মেলন শেষে হিন্দু ধর্মগুরু জগদগুরু সতীশাচার্য মহারাজের পা ছুঁয়ে প্রণাম করলেন ইরানের প্রেসিডেন্ট:মাসউদ পেজেশকিয়ান”। ভিডিওটির ২ ও ১৯ সেকেন্ডে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিচু হতে দেখা যায়। তার পাশে ছিলেন হিন্দু ধর্মগুরু জগদগুরু সতীশাচার্য। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ২৪ হাজার বার দেখা হয়েছে এবং দেড় শতাধিক বার শেয়ার করা হয়েছে।

“তপোবন টিভি অনলাইন” (Tapoban tv Online) নামের পেজ থেকেও একই শিরোনামে একই ভিডিও পোস্ট করা হয়। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ২৩ হাজার বার দেখা হয়েছে এবং প্রায় ৮০ বার শেয়ার করা হয়েছে।

এছাড়া ফেসবুকের একাধিক প্রোফাইল (, ) থেকে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে। একটি পেজ থেকে একই দাবিতে একটি ছবি পোস্ট করা হয়েছে।

অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ‘ইসমাত টিভি’ (Ismat TV) নামের এক্স অ্যাকাউন্টে গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুতে দেখা যায়, মাসুদ পেজেশকিয়ান ও জগদ্গুরু সতীশাচার্য- উভয়েই মেঝে থেকে কোনো কিছু তোলার জন্য নিচু হয়েছেন। তবে ফেসবুকে ছড়ানো ভিডিওটিতে সতীশাচার্যের নিচু হওয়ার দৃশ্যটি বাদ দিয়ে শুধু পেজেশকিয়ানের দৃশ্যটি খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে।

‘ইসমাত টিভি’র এক্স অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট

আরও যাচাইয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনে ভিডিওতে উপস্থিত জৈন সন্ন্যাসী আচার্য লোকেশ মুনির বরাত দিয়ে জানানো হয়, পেজেশকিয়ান সতীশাচার্যের পা স্পর্শ করেননি। তিনি (লোকেশ মুনি) পেজেশকিয়ানকে যে চিঠিটি দিয়েছিলেন, তা হাত থেকে পড়ে গেলে সেটি কুড়িয়ে নিতে ইরানি প্রেসিডেন্ট নিচে ঝুঁকেছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত নয়াদিল্লির ইরান কালচার হাউসের মাওলানা তাকী হায়দার নকভীর সঙ্গেও কথা বলেছে ইন্ডিয়া টুডে। তিনিও পা স্পর্শ করার দাবিটি খণ্ডন করে ইরানি দূতাবাসের একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বলা হয়, এক ধর্মীয় নেতার হাত থেকে পড়ে যাওয়া চিঠি তুলে নিতে প্রেসিডেন্ট নিচে ঝুঁকেছিলেন। 

এই ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য সিয়াসাত ডেইলি’ও (The Siasat Daily) ইরানি দূতাবাসের সূত্রের বরাত দিয়ে বলেছে, ভুলবশত নিচে পড়ে যাওয়া একটি চিঠি তোলার জন্য পেজেশকিয়ান নিচু হয়েছিলেন।

‘ইন্ডিয়া টুডে’-র প্রকাশিত ফ্যাক্টচেক ও ‘দ্য সিয়াসাত ডেইলি’-র প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

অর্থাৎ, মেঝেতে পড়ে যাওয়া কাগজ কুড়িয়ে নেওয়ার ভিডিও খণ্ডিত করে ইরানের প্রেসিডেন্ট হিন্দু ধর্মগুরুর পা ছুঁয়ে প্রণাম করেছেন বলে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা