সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
Fact-check: Viral video falsely claiming Iran’s missile attack set Israel on fire actually shows a residential fire in Intramuros, Manila, Philippines.

ইসরায়েলের ওপর ইরানের মিসাইল হামলার দাবিতে ছড়াচ্ছে ফিলিপাইনের অগ্নিকাণ্ডের ভিডিও

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের চালানো মিসাইল হামলায় জ্বলছে ইসরায়েল- এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েলের নয়। যাচাইয়ে দেখা যায়, মূল ঘটনাটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ইন্ত্রামুরোসের একটি আবাসিক এলাকায় হওয়া অগ্নিকাণ্ডের দৃশ্য। 

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৭ মার্চ ভিডিওটি (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি ভবনে আগুন লেগে বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। রাস্তায় অনেক দমকল বাহিনীর গাড়ি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। লোকজন রাস্তায় দাঁড়িয়ে অগ্নিকাণ্ডের দৃশ্যটি ক্যামেরাবন্দী করছেন। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন,“ইরানের মিসাইল হামলায় ইসরায়েল শহর জলছে” (লেখা অপরিবর্তিত)। পাশে হ্যাশট্যাগ হিসেবে ইসরায়েল, ইরান, ইরানের যুদ্ধ ইত্যাদি ব্যবহৃত হয়েছে।

Fact-check: Viral video falsely claiming Iran’s missile attack set Israel on fire actually shows a residential fire in Intramuros, Manila, Philippines.
ইরানের মিসাইল হামলায় ইসরায়েল জ্বলছে— এমন দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটি ১৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ৩৪০টি এবং ভিডিওটি ২৮ বার শেয়ার হয়েছে। ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) থেকে একই ভিডিও শেয়ার করা হয়।

ঘটনার সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে আং পামানতাসান নামের একটি ফেসবুক পেজ থেকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পোস্ট করা দুইটি ছবি খুঁজে পায় ডিসমিসল্যাব।

Fact-check: Viral video falsely claiming Iran’s missile attack set Israel on fire actually shows a residential fire in Intramuros, Manila, Philippines.
কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চে আং পামানতাসান ফেসবুক পেজে পাওয়া আসল ঘটনার পোস্টের স্ক্রিনশট।

ক্যাপশনের একটি অংশে লেখা, “বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ইন্ত্রামুরোসের কাবিলদো এবং আন্দা স্ট্রিটের মোড়ে একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন অব্যাহত থাকায় কর্তৃপক্ষ ইতোমধ্যে দ্বিতীয় পর্যায়ের সতর্কসংকেত জারি করেছে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট চলছে বলে জানা গেছে।” ওই ফেসবুক পোস্টে সংযুক্ত ছবি দুইটির সাথে প্রচারিত ভিডিওতে থাকা স্থান, অবকাঠামো এবং লোকজনের সাদৃশ্য রয়েছে।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখা যায়, ফিলিপাইনের একাধিক গণমাধ্যমে (, , , , , ) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যম ইনকোয়ার ডট নেটের প্রতিবেদনে বলা হয়, ম্যানিলার ইন্ত্রামুরোসের কাবিলদো স্ট্রিট এবং আন্দা স্ট্রিটের কোণে অবস্থিত ৬৫৫ নম্বর বারানগের একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২৮ মিনিট পর্যন্ত আগুনের ভয়াবহতা বিবেচনায় এই অগ্নিকাণ্ডকে চতুর্থ সতর্কসংকেতে উন্নীত করা হয়েছে।

Fact-check: Viral video falsely claiming Iran’s missile attack set Israel on fire actually shows a residential fire in Intramuros, Manila, Philippines.
আসল ঘটনার বিষয়ে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, ইসরায়েলে মিসাইল হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের দৃশ্য। 

উল্লেখ্য, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে ইসরায়েলের বর্তমান দৃশ্য দাবি করে এর আগেও ভুল তথ্য ছড়াতে দেখা গেছে। এ নিয়ে ডিসমিসল্যাব একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

আরো কিছু লেখা