জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক ভারতের অরুণাচল দখলের দাবিতে ছড়ানো দৃশ্যটি থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের

ভারতের অরুণাচল দখলের দাবিতে ছড়ানো দৃশ্যটি থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশের সাত কিলোমিটার এলাকা চীন দখল করে নিয়েছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দৃশ্যটি ভারতের নয়। ভিডিওটি থাইল্যান্ডের চং বক সীমান্ত এলাকায় রয়্যাল থাই আর্মি ও কম্বোডীয় সেনাদের মধ্যকার সীমান্ত উত্তেজনার দৃশ্য।

একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। দৃশ্যের উপরের দিকে থাকা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আলহামদুলিল্লাহ, আজকে একটা খুশির খবর। ভারতের অরুণাচল ৬০ কিলোমিটার দখল করে নিল চীন। ভারত বাংলাদেশের সীমান্তে এসে গর্জন মারে, ছোট দেশ পায়ে। কিন্তু চীনের সীমান্তে গিয়ে বিলাই, ম্যাও। আজকে তার প্রমাণ। এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে আরও বেশি বেশি আতঙ্ক করে দ্যান।”

ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিও।

ভিডিওর নিচের অংশে দুটি দেশের সামরিক বাহিনীর সদস্যদের মুখোমুখি হতে এবং কাঁটাতারের বেড়া স্থাপন করতে দৃশ্য দেখা যায়।

সত্যতা যাচাই করতে ডিসমিসল্যাব ভিডিওটির বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গত ৪ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। পোস্টে দৃশ্যটিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনার বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ঘটনাটি চং বক সীমান্তের।

অধিকতর যাচাইয়ে থাইল্যান্ডভিত্তিক সংবাদপত্র দ্য ন্যাশন (The Nation)-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ৩ জুনে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ২০২৬ সালের ২ জুন সশস্ত্র কম্বোডীয় সেনারা সীমান্তের অমীমাংসিত এলাকায় প্রবেশ করে থাই সেনাদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে থাই সেনারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিষয়টি ব্যাখ্যা করতে আলোচনায় বসেন। সকাল সাড়ে ১১টার দিকে কম্বোডীয় সেনারা ওই এলাকা থেকে সরে যেতে রাজি হলে পরিস্থিতি শান্ত হয়। প্রতিবেদনে থাকা দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যেরও মিল পাওয়া যায়।

ফ্যাক্টচেক ভারতের অরুণাচল দখলের দাবিতে ছড়ানো দৃশ্যটি থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের
৪ জুন প্রকাশিত ইনস্টাগ্রাম ভিডিও (বামে) এবং মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের (ডানে) স্ক্রিনশট।

সুতরাং, ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত চীন দখল করেছে—এমন দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত ২০২৬ সালের জুনে থাইল্যান্ডের উবন রাতচাথানি প্রদেশের চং বক সীমান্ত এলাকায় রয়্যাল থাই আর্মি ও কম্বোডীয় সেনাদের মধ্যে তৈরি হওয়া সীমান্ত উত্তেজনার দৃশ্য।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। আঞ্চলিক রাজনৈতিক দলের পাঠানো একটি অনুসন্ধানী দলের প্রতিবেদনেও দাবি করা হয়েছে, চীন ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের কিছু ভূখণ্ড দখল করেছে। 

আরো কিছু লেখা