নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক হিন্দু নারী নির্যাতন ইসলামপন্থী, ফেনী ডাকাতি

ইসলামপন্থীদের দ্বারা হিন্দু নারী নির্যাতনের দাবিতে ছড়াচ্ছে ডাকাতির দৃশ্য

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে ইসলামপন্থীরা হিন্দু নারীকে নির্যাতন করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ঘটনাটি ফেনীতে একটি বাসায় ডাকাতির দৃশ্য এবং ভিডিওতে থাকা ভুক্তভোগীর নাম শাহানা আক্তার।

২৫ ফেব্রুয়ারি ক্রেটলি মিডিয়া নামের একটি এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “বাংলাদেশে ইসলামপন্থীদের হামলায় এক হিন্দু নারী আক্রান্ত।” ৩১ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী দরজা খুললে সাদা টুপি ও শার্ট, এবং নীল টি–শার্ট ও নীল ক্যাপ পরিহিত দুজন ব্যক্তি গৃহকর্ত্রীকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। ভিডিওর উপরে ডানদিকে যুগান্তরের লোগো দেখা যায়। 

ফ্যাক্টচেক হিন্দু নারী নির্যাতন ইসলামপন্থী, ফেনী ডাকাতি
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া এক্স পোস্টের স্ক্রিনশট।

ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যুগান্তরের ইউটিউব চ্যানেলে ২০ আগস্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “ফেনীতে গৃহকর্ত্রীকে জিম্মি করে দিনে-দুপুরে ডাকা’তি।” ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে এই প্রতিবেদনে ব্যবহৃত সিসিটিভি ফুটেজের হুবহু মিল রয়েছে। সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিলে ঘটনাটি নিয়ে প্রকাশিত একাধিক (, , , ) প্রতিবেদন পাওয়া যায়।

ফ্যাক্টচেক হিন্দু নারী নির্যাতন ইসলামপন্থী, ফেনী ডাকাতি
প্রকৃত ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

প্রথম আলোর ২০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “গতকাল বুধবার সকালে ফেনী শহরের মহিপালের মুসলিম ভূঁইয়া বাড়ির রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় প্রবাসী প্রকৌশলী মো. নুরুজ্জামানের বাসায় ডাকাতির সময় সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধারণ করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ভুক্তভোগী নারীর নাম শাহানা আক্তার। যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে ঢুকে মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁকে জিম্মি করে ১০ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালায় দুই ডাকাত।” 

অর্থাৎ, ইসলামপন্থীদের দ্বারা হিন্দু নারী নির্যাতনের দাবিতে ছড়াচ্ছে ফেনীতে একটি বাসায় ডাকাতির দৃশ্য। এবং ভুক্তভোগীর নাম শাহানা আক্তার।

আরো কিছু লেখা