“লক্ষ লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে হবিগঞ্জে ঢুকে পড়ল এনসিপি”, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি গত ১০ জুলাই নোয়াখালীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির।
“এসো ইসলামী সমাজ গড়ি” নামের একটি ফেসবুক পেজ থেকে ২৯ জুলাই ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা, “লক্ষ, লক্ষ, জনতাকে সাথে নিয়ে হবিগঞ্জে ঢুকে পরলো এনসিপি…।” ভিডিওতে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে “বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে” স্লোগান দিতে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত, পোস্টটি ২ লাখ ৭০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে দুই হাজার ৩০০ বারের বেশি। একই দাবিতে ফেসবুকের একাধিক গ্রুপ (১, ২) ও পেজ (১, ২) থেকেও ভিডিওটি ছড়ানো হয়েছে।

অনুসন্ধানে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘ডিসকভার বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পোস্টে ভিডিওর বর্ণনায় লেখা ছিল, “নোয়াখালীতে এনসিপির শোডাউনে স্লোগান দিচ্ছেন হান্নান মাসউদ ও হাসনাত আবদুল্লাহ”। এই ভিডিওর ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি জুম ইন করে ও কিছুটা গতি বাড়িয়ে সম্পাদনা করা হয়েছে।
কিওয়ার্ড সার্চে একুশে টেলিভিশনের ইউটিউব চ্যানেলের একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে একই দিনে নোয়াখালীতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণের কথা জানানো হয়। এছাড়া সেদিনের কর্মসূচি নিয়ে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সঙ্গেও ছড়িয়ে পড়া ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

সমকালের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জুলাই নোয়াখালী সদরের মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও শোডাউনে দলটির কেন্দ্রীয় নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান ও পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করে এনসিপি, যার অংশ হিসেবেই নোয়াখালীতে এই সমাবেশ হয়। এর বাইরে গত ২৮ জুলাই হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে দলটি। এই হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি।
অর্থাৎ, হবিগঞ্জে এনসিপির লাখো মানুষের জনসমাগমের দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে নোয়াখালীর জুলাই পদযাত্রা কর্মসূচির।

