
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ট্রাম্পের সামনে ফিলিস্তিনের পতাকা নেওয়া হয়েছে। ভিডিওতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল শেষে পিঠে পতাকা জড়ানো এক ফুটবলারকে মেডেল পরিয়ে দিতে দেখা যায়। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, পতাকাটি ফিলিস্তিনের নয়, এটি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ার পতাকা।
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, “এটাই মুসলিমদের জন্য অনেক কিছু ট্রাম্পের সামনে ফিলিস্তিনের পতাকা।” ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্বকাপে বিজয়ী দল স্পেনের এক খেলোয়াড় পিঠে একটি পতাকা ঝুলিয়ে রেখেছেন। তাকে মেডেল পরিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওর শেষে আরেকজন খেলোয়াড়কে স্টেজে উঠতে দেখা যায়। ক্যামেরার কোণ পরিবর্তন হলে পতাকাসহ খেলোয়াড়কে আবার দেখতে পাওয়া যায়। তার পিঠের পতাকায় সবুজ এবং সাদা রঙের পাশাপাশি সাদার মাঝামাঝি অংশে একটি হলুদ চিহ্নও দেখতে পাওয়া যায়।

একই দাবিতে ভিডিওটি একাধিক ব্যবহারকারীকে পোস্ট করতে দেখা গেছে (১, ২, ৩)।
অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে মেডেল পরানোর দৃশ্য হিসেবে একাধিক ছবি এবং ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। “বার্সা ইউনিভার্সাল” নামের একটি অ্যাকাউন্ট থেকে একই দৃশ্যের একটি ছবি পোস্ট করে লেখা হয়, স্প্যানিশ খেলোয়াড় গাভিকে বিশ্বকাপ বিজয়ী মেডেল পরিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

কিওয়ার্ড সার্চে ফক্স ফাইভ ওয়াশিংটন ডিসির একটি ইউটিউব ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ১৯ সেকেন্ডে দেখা যায়, ৯ নাম্বার জার্সি পরা গাভিকে মেডেল পরিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইসময় গাভির পিঠে সবুজ এবং সাদা রঙের একটি পতাকা দেখা যায়, যার সাদা স্তরের মাঝে হলুদ প্রতীকও দেখা যায়। পতাকাটিতে কোনো লাল চিহ্ন যুক্ত কিছু দেখতে পাওয়া যায় না।
ফিলিস্তিনের পতাকায় চারটি রং রয়েছে। উপর থেকে পর্যায়ক্রমে কালো, সাদা ও সবুজ রং এবং বামে লাল রঙের একটি ত্রিভুজ। ফিলিস্তিনের পতাকার সাদা স্তরের মাঝে কোনো প্রতীক নেই।

কিওয়ার্ড সার্চে রেডিটের একটি পোস্ট পাওয়া যায় যেখানে একজন ব্যবহারকারী গাভির পিঠে পতাকা দেখা যাচ্ছে- এমন ছবি যুক্ত করে এটি কোন পতাকা, তা জানতে চান। পোস্টের কমেন্টে একাধিক ব্যবহারকারী একে ‘আন্দালুসিয়ান ফ্ল্যাগ’ বলে উল্লেখ করেন।
একে সূত্র ধরে ডিসমিসল্যাব স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ার পতাকার ছবি খুঁজে পায়। আন্দালুসিয়ার পতাকায় উপর থেকে পর্যায়ক্রমে সবুজ, সাদা ও সবুজ, তিনটি স্তর আছে। সাদা স্তরের মাঝে হলুদ রঙের আন্দালুসিয়ার অফিশিয়াল প্রতীক। উল্লেখ্য, স্প্যানিশ মিডফিল্ডার গাভির জন্ম আন্দালুসিয়া অঞ্চলে। আন্দালুসিয়া স্পেনের দক্ষিণে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গাভির পিঠে যে পতাকাটি দেখতে পাওয়া যায়, সেটি মূলত আন্দালুসিয়ার পতাকা, ফিলিস্তিনের নয়।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ী হয়েছে স্পেন। স্পেনের বিশ্বকাপজয়ী দলে আন্দালুসিয়া অঞ্চলের তিনজন খেলোয়াড় ছিলেন— ফাবিয়ান রুইজ, গাভি ও আলেক্স বায়েনা।