
ইন্ডিপেন্ডেন্ট টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কার্ডে দাবি করা হচ্ছে, বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেশি কথা বললে জ্বালানি তেলের দাম বাড়িয়ে ৫০০ টাকা লিটার করে দেওয়া হবে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত ফটোকার্ডটি নকল। অর্থমন্ত্রীর এমন মন্তব্যযুক্ত কোনো ফটোকার্ড সংবাদমাধ্যমটি প্রকাশ করেনি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ২০ এপ্রিল ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডে দেশের বর্তমান অর্থমন্ত্রী আমির খসরুর ছবি দেওয়া। কার্ডের শিরোনামে সাদা হরফে লেখা, “বেশি কথা বললে তেলের দাম ৫০০ টাকা লিটার করে দিব।” কার্ডের ওপরে ডান দিকে ইন্ডিপেন্ডেন্ট টিভির লোগো দেওয়া রয়েছে। তবে, ফটোকার্ডে তারিখ বা অন্য কোনো তথ্য উল্লেখ করা নেই। ক্যাপশনের পোস্টদাতা লিখেছেন, “পাকিস্তানের সমান।” এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটি ৪৫ বারের অধিক শেয়ার করা হয়েছে এবং পোস্টের প্রায় আড়াই শ প্রতিক্রিয়া দেখা গেছে।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের সাম্প্রতিক ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিশিয়াল ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও এ ধরনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এছাড়া প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে সংবাদমাধ্যমটির নিজস্ব ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে। অন্যদিকে, প্রচারিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত লেখার কিছু জায়গায় হালকা অস্পষ্টতা ছিল। তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজ যাচাইয়ে চলতি বছরের ১৯ এপ্রিল অর্থমন্ত্রীর একই ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। সেই ফটোকার্ডের শিরোনামে লেখা, “তেলের দাম বেশি বাড়াইনি : অর্থমন্ত্রী।”
এ ব্যাপারে আরও জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে প্রথম আলোতে ১৯ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আইএমএফের চাপে নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপট ও সরকারি তহবিলের সুরক্ষা নিশ্চিত করতে দাম বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় যোগদান শেষে, গত ১৯ এপ্রিল, রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিক সাথে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু।
এ বিষয়ে নিশ্চিত হতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির ওয়েব ইনচার্জ মো. আশিক হোসেন ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন, প্রচারিত ফটোকার্ডটি ইন্ডিপেন্ডেন্ট টিভির নয়।
অর্থাৎ, জ্বালানি তেলের দাম বাড়িয়ে ৫০০ টাকা লিটার করা হবে, এমন কোনো মন্তব্য অর্থমন্ত্রী আমির খসরুকে প্রকাশ্যে করতে দেখা যায়নি। এবং তাকে জড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির নামে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।
ইতঃপূর্বেও এমন রাজনীতিবিদদের ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে আসে।