মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
Factcheck india muslim fire muharram feature

মহররমের মিছিলে আগুনের কসরতের দুর্ঘটনা দৃশ্য ছড়িয়েছে ভিন্ন দাবিতে

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

ভারতে মুসলমানদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, কাউকে ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়ার ঘটনা নয় এটি। ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ায় মহররমের মিছিলে আগুনের কসরত করতে গিয়ে এক যুবকের আহত হওয়ার দৃশ্য।

ফেসবুকে ‘অলি ভাই পেজ-10’ নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেছে, আশপাশের কয়েকজন তাকে আগুন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিওর স্ক্রিনের নিচে একজনকে বলতে দেখা যায়, “… ভারতের মধ্যে আমাদের মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে।”

ভারতে মুসলমানদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট

এ প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ভিডিওটি ৩৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। পোস্টটিতে ২ হাজার ২০০-এর বেশি প্রতিক্রিয়া ছিল, এবং শেয়ার হয়েছে ২ হাজার ৩০০-এর বেশি বার।

ভিডিওটির কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একটি ইনস্টাগ্রাম পোস্ট  পাওয়া যায়। ২৭ জুন প্রকাশিত পোস্টটির বর্ণনায় বলা হয়, ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ায় মহররমের মিছিলে আগুনের কসরত করার সময় এক যুবক আহত হন। সেখানে আহত যুবকের নাম সাদ্দাম খান বলে উল্লেখ করা হয়েছে। তিনি দেওরিয়ার এলাকার বাসিন্দা এবং ফাইভ স্টার ক্লাব আয়োজিত তাজিয়া মিছিলে অংশ নিয়েছিলেন।

মূল ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ভিডিও প্রতিবেদন (বামে); মূল ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট (ডানে)

ওই পোস্টের বর্ণনা অনুযায়ী, মিছিলে আগুনের কসরতের অংশ হিসেবে একটি লোহার ড্রামের ভেতরে অবস্থান করার সময় হঠাৎ আগুন তার পোশাকে ছড়িয়ে পড়ে। পরে আশপাশে থাকা আখড়ার সদস্য ও দর্শনার্থীরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। এরপর আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অর্থাৎ, উত্তর প্রদেশে মহররমের মিছিলে আগুনের কসরত করার সময় এক ব্যক্তি আগুনে আক্রান্ত হয়েছিলেন।

প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে ভারতের সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দেওরিয়ায় মহররমের মিছিলে আগুনের কসরত করার সময় এক যুবক আহত হওয়ার কথা বলা হয়েছে। এই প্রতিবেদনে অন্য অ্যাঙ্গেল থেকে দৃশ্যটি দেখা যাচ্ছে।

এই ঘটনায় ভারতীয় সংবাদ সংগ্রাহক অ্যাপ পাবলিক -এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, দেওরিয়া শহরের মালভিয়া রোডে মহররমের মিছিল চলাকালে ফাইভ স্টার ক্লাব আখড়ার এক সদস্য আগুনের কসরত করার সময় আহত হন।

অর্থাৎ, ভিডিওতে আগুনে আক্রান্ত হওয়ার ঘটনাটি বাস্তব হলেও এটি ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়ার দৃশ্য নয়। বরং উত্তর প্রদেশের দেওরিয়ায় মুহররমের মিছিলে আগুনের কসরত করতে গিয়ে এক যুবক দুর্ঘটনায় আহত হওয়ার ভিডিওকে ভিন্ন দাবিতে ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা