
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের মাত্র দুইমাসেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত কোনো ফটোকার্ডও সংবাদমাধ্যমটি প্রকাশ করেনি।
ফেসবুকের ‘মুজিব আদর্শের সৈনিক’ নামের একটি প্রোফাইল থেকে গত ২৯ এপ্রিল ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করা। কার্ডের শিরোনামে লাল রঙের হরফে লেখা, “মাত্র দুই মাসে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ইতিহাসের পাতায় বিএনপি সরকার”(লেখা অপরিবর্তিত)। কার্ডের উপরে ডান কোণে এবং ঠিক মাঝ বরাবর প্রথম আলোর লোগো দেওয়া আছে।

ফটোকার্ডের নিচে তারিখ হিসেবে “২৮ এপ্রিল,২০২৬” উল্লেখ করা। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “বিএনপির সাফল্য 😁🤝বাংলাদেশের বিড়ালেরও আরো বেশি শরম থাকে”। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ১ হাজার ২০০-এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টে মন্তব্য করা হয়েছে ৩২৬টি। ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত ২৮ এপ্রিলের সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া গণমাধ্যমটির আসল ফটোকার্ডে ব্যবহৃত ফন্ট এবং লেখার আকারও প্রচারিত ফটোকার্ডের থেকে আলাদা।
এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখে ডিসমিসল্যাব। তবে, কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বক্তব্য থেকে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছিল রূপপুর বিদ্যুৎকেন্দ্র। এর আগে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর আকাশপথে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছায় পারমাণবিক জ্বালানির প্রথম চালান। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ৩০ নভেম্বর রূপপুরে পারমাণবিক কেন্দ্রের মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ফটোকার্ডটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে ডিসমিসল্যাব যোগাযোগ করে প্রথম আলোর ডেপুটি হেড অব রিপোর্টিং (অনলাইন) রাজীব আহমেদ-এর সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে জানান, ফটোকার্ডটি ভুয়া এবং প্রথম আলো এ সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরুর মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এর ফলে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।