
সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর ইউনূস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ এখন গণমানুষের দল হয়ে উঠেছে, ফলে তাদের ঠেকানোর সাধ্য বিএনপির নেই। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড কালের কণ্ঠ প্রকাশ করেনি।
ফেসবুকে “আওয়ামী লীগ পরিবার” নামে একটি গ্রুপ থেকে গত ২২ জুন সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো যুক্ত ফটোকার্ডটি পোস্ট করা হয়। কার্ডে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবি সংযুক্ত করা। পোস্টের ক্যাপশনে লেখা, “আওয়ামী লীগ ঠেকানোর ক্ষমতা এই বাংলাদেশের কারোরই নাই। যতই পুলিশ সোনাবাহিনী মাঠে নামাও।” ফটোকার্ডের ভেতরে শিরোনামে লেখা, “ ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী” (লেখা অপরিবর্তিত) ফটোকার্ডের উপরে ডানে কালের কণ্ঠের লোগো, বামে তারিখ হিসেবে “২২ জুন ২০২৬” উল্লেখ করা রয়েছে।
এই প্রতিবেদন প্রকাশের আগ সময় পর্যন্ত ফটোকার্ডটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন সাড়ে চার শর অধিক ব্যবহারকারী। এই ফটোকার্ড ২০০-এর বেশিবার শেয়ার করা হয়েছে। মন্তব্য দেখে বোঝা যায়, অনেকেই ফটোকার্ডটিকে সত্য ধরে নিয়েছেন এবং মতামত জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “ধন্যবাদ সালাউদ্দিনকে”, অন্যদিকে একাধিক মন্তব্যকারী লিখেছেন, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ থেকে (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) একই ফটোকার্ডটি পোস্ট করা হয়।
ফটোকার্ডের সত্যতা যাচাইয়ে, কার্ডটি ভালোভাবে পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রচারিত ফটোকার্ডের ছবিতে নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের (Gemini AI) সাদা লোগো আছে। গুগলের এআই চ্যাটবট ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এই চিহ্ন থাকে। অন্যদিকে ফটোকার্ডে ব্যবহৃত ফন্টও কালের কণ্ঠের আসল ফটোকার্ডের ফন্ট তুলনায় ভিন্ন এবং আকারে কিছুটা বড়। শিরোনাম লক্ষ্য করলে দেখা যায়, সেখানে ভুল বানান ও অস্পষ্ট হরফ ব্যবহার করা হয়েছে।
ফটোকার্ডের ব্যাপারে অধিকতর যাচাইয়ে, কালের কণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে প্রকাশিত ২২ জুনের সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের শিরোনামের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। তবে, সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ যাচাইয়ে চলতি বছরের ২২ জুন একই ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। সেই ফটোকার্ডের ভেতরে লেখা, “আওয়ামীলীগ নামে কোনো সংগঠন নাই : স্বরাষ্ট্রমন্ত্রী”।

এ সম্পর্কে নিশ্চিত হতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। কালের কণ্ঠের কনসালট্যান্ট (অনলাইন ইনচার্জ) সঞ্জয় দে নিশ্চিত করেন, এই ফটোকার্ডটি তাদের নয়। তিনি আরও জানান, এমন কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমটি পোস্ট করেনি, “এই টেক্সট ও কার্ড কালের কণ্ঠের নয়।”
অর্থাৎ, আওয়ামী লীগকে ঠেকানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া।
ইতঃপূর্বে সালাহউদ্দিন আহমেদের এমন ভুয়া মন্তব্যযুক্ত একাধিক ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে।