
বাংলাদেশি সংবাদমাধ্যম একাত্তর টেলিভিশনের লোগো ব্যবহার করে তৈরি একটি ফটোকার্ড সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, শুকরের মাংস হারাম, এ বিষয়ে কোনো দলিল নেই। তিনি আরও বলেছেন, প্রফেসর ইউনুসের বাণিজ্য চুক্তি হালাল। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ফটোকার্ডটি ভুয়া। একাত্তর টেলিভিশন এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

ফেসবুকে মো. আকতার হোসাইন নামের একটি প্রোফাইল থেকে ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কোরআনের আয়াত বিকৃতি কারী তাগুদ।” ফটোকার্ডে শায়খ আহমাদুল্লাহর একটি ছবি ও একাত্তর টেলিভিশনের লোগো যুক্ত করে লেখা আছে, “শুকরের মাংস হারাম এ বিষয়ে কোনো দলিল নেই, প্রোফেসর ইউনুসের বানিজ্য চুক্তি হালাল।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করা হয়েছে ৮০ বারের অধিক। প্রতিক্রিয়া এসেছে ৫০০- এর বেশি।
সত্যতা যাচাইয়ে একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টেলিভিশনের অন্যান্য ফটোকার্ডের সঙ্গে দৃশ্যমান ভিন্নতাও দেখা যায় ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে। অধিকতর যাচাইয়ে একাত্তর টেলিভিশনের অনলাইন সম্পাদক ও হেড অব আউটপুট আরিফ রহমান শিবলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “না, আমরা এ ধরনের কোনো খবর প্রকাশ করিনি। তাছাড়া লোগো ব্যবহার করে যে কার্ড করা হয়েছে, সেটিও আমাদের নয়। আমাদের কার্ডের ডিজাইন ও ফন্ট অন্যরকম।”
অর্থাৎ, একাত্তর টেলিভিশনের লোগো ব্যবহার করে শায়খ আহমাদুল্লাহর ছবি যুক্ত ফটোকার্ডটি ভুয়া।