মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির মিছিলটি ‘এসএসসি ফেল’ শিক্ষার্থীদের নয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির মিছিলটি ‘এসএসসি ফেল’ শিক্ষার্থীদের নয়, এইচএসসি পরীক্ষার্থীদের

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

‘এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল,’ এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দৃশ্যটি এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কোনো আন্দোলনের নয়। ভিডিওটি গত ১৫ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য।

ফেসবুকে গত ১০ আগস্ট ‘চমৎকার টিভি’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টে লেখা ছিল, “এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল।” এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত, এতে প্রায় ১১ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে, এবং শেয়ার হয়েছে দেড় শতাধিকবার।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মিছিল বলে ছড়ানো ফেসবুক ভিডিওর স্ক্রিনশট।

একই দাবিতে ফেসবুকে আরও একাধিক পোস্টে (,) ভিডিওটি প্রচার হতে দেখা যায়। ইউটিউবেও একই ভিডিও পাওয়া গেছে।

সত্যতা যাচাই করতে ভিডিওর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে গত ১৫ জুলাই বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত (,,) ভিডিও পাওয়া যায়। ‘আলোচনার আসর’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর বর্ণনায় লেখা ছিল, “দ্বিতীয় দিনে ঢাকা জুড়ে এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী।” নিউজ ডিপেন্ড লাইভ নামের ফেসবুক পেজের পোস্টে লেখা ছিল, “শিক্ষামন্ত্রী মিলনের পদত‍্যা’গের দাবিতে স্লোগানে উ’ত্তা’ল সচিবালয় এলাকা !” এসব ভিডিওর বর্ণনা থেকে দেখা যায়, মূলত ১৫ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য এগুলো। এই ভিডিওগুলোর দৃশ্য ও ব্যক্তির সঙ্গে ছড়ানো ভিডিওর দৃশ্য ও ব্যক্তি মিলে যায়।

১৫ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিওসহ ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চে এ বিষয়ে একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। দৈনিক কালবেলার ফেসবুক পেজে ১৫ জুলাই প্রকাশিত ভিডিওতে স্লোগান দেওয়া শিক্ষার্থী ও ছড়ানো ভিডিওর স্লোগান দেওয়া শিক্ষার্থী একই। কালবেলার পোস্টে লেখা ছিল, “শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল।”

বিডিনিউজ টোয়েন্টিফোরে ১৫ জুলাই প্রকাশিত “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সচিবালয় অভিমুখে পরীক্ষার্থীদের ‘লংমার্চ’” শিরোনামের প্রতিবেদনের একটি ছবিতেও ছড়ানো ভিডিওর ওই শিক্ষার্থী ও তার আশপাশের দৃশ্য লক্ষ্য করা যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, “শিক্ষামন্ত্রীর পদ থেকে আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।”

ফ্যাক্টচেক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির মিছিলটি ‘এসএসসি ফেল’ শিক্ষার্থীদের নয়
দৈনিক কালবেলার ফেসবুক পেজে ১৫ জুলাই প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট।

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্য বাস্তব হলেও এর সঙ্গে যুক্ত “এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল” এই দাবিটি সঠিক নয়। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে নতুন আঙ্গিকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; এই হার গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম।

আরো কিছু লেখা