গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার খবরে জুলাই আন্দোলনকারীরা দেশ ছেড়ে পালাচ্ছেন- সম্প্রতি এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের চীন সফর শেষে দেশে ফেরার একটি দৃশ্য।

একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, ‘‘জননেত্রী শেখ হাসিনা আসার খবর পেয়ে দেশদ্রোহে জংলীরা পালাইতেছে দেশ ছেড়ে।” (বানান অপরিবর্তিত)।
ভিডিওতে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী-কে শনাক্ত করা গেছে। ভিডিওতে তাদের সুটকেস হাতে এগিয়ে যেতে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি এক লক্ষ ১০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং ১ হাজার ১০০ বার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের একাধিক প্রোফাইল (১, ২, ৩) থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।

অনুসন্ধানে ভিডিও থেকে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব ফেসবুকে ‘Bd24report’ নামের পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। পোস্টে লেখা ছিল, “চীন সফর শেষে ঢাকায় ফিরলেন জুমা-সালমাসহ ডাকসু নেতৃবৃন্দ।” ২০২৬ সালের ২৪ মে প্রকাশিত ২৫ সেকেন্ডের ভিডিওর শুরু থেকে ১৬ সেকেন্ড পর্যন্ত ছড়িয়ে পড়া দৃশ্যের ব্যক্তি, তাদের পোশাক ও পারিপার্শ্বিক দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন (১, ২, ৩, ৪) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, চীনা দূতাবাসের আমন্ত্রণে গত ১৭ মে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ৭ দিনের চীন সফরের উদ্দেশে রওনা হন। সফর শেষে গত ২৪ মে তারা দেশে ফিরে আসেন।
অর্থাৎ, ডাকসু নেতৃবৃন্দের দেশে ফেরার পুরোনো ভিডিওকে দেশ ছাড়ার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

