
বরিশালে পথ কুকুর নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা হওয়ায় আক্রমণের শিকার হয়েছে শিশু- সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো একটি ভিডিওতে এমন দাবি করা হচ্ছে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ভারতের নাজিবাবাদের মুঘলশাহ এলাকার ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ জুন ৫ বছরের একটি শিশুকে পথ কুকুরের একটি দল আক্রমণ করে। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে।
একটি গলিতে একটি শিশুকে হঠাৎ অনেকগুলো কুকুর আক্রমণ করছে- এমন দৃশ্যের একটি ভিডিও ১৮ জুন পোস্ট করা হয়েছে ডেইলি বরিশাল নামে একটি ফেসবুক পেজ থেকে। ১৯ সেকেন্ডের এই ভিডিও-এর ক্যাপশনে লেখা হয়েছে, “পথকুকুর নিয়ন্ত্রণে ব্যর্থতা? আক্রমণের শিকার শিশু, উদ্বেগে বরিশালবাসী।” ভিডিওর ভেতরে লেখা, “পথকুকুরের আক্রমণের শিকার শিশু।” এ পর্যন্ত ভিডিওটি ৪১ হাজারবার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৯৭ বার।

একই ভিডিও “বরিশাল ভয়েজ” নামের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। এই পোস্টের ক্যাপশন, “পথকুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন বরিশাল নগরবাসী” ।
সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা, “#উত্তরপ্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ মুঘলশাহ এলাকায় একটি ছোট শিশুকে একদল পথ কুকুরের নির্মমভাবে আক্রমণ করার একটি ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এই মর্মান্তিক ঘটনাটি ক্রমবর্ধমান #পথ কুকুরের উপদ্রব নিয়ে আবারও বিতর্ক উসকে দিয়েছে। অনেকেই প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করতে আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।” এ পোস্টে ব্যবহৃত ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

অধিকতর যাচাইয়ে এ ঘটনা নিয়ে ভারতের একাধিক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। এশিয়া নেটের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “উত্তরপ্রদেশে ৭টি পথ কুকুরের একটি দলের হামলায় ক্ষতবিক্ষত শিশু, ভয়ংকর সিসিটিভি ভিডিও ঘিরে ব্যাপক ক্ষোভ।” প্রতিবেদনে লেখা হয়, “উত্তরপ্রদেশের বিজনোর জেলার একটি সরু গলিতে হেঁটে যাওয়ার সময় একটি ছোট শিশুর একদল পথ কুকুরের আক্রমণের শিকার হওয়ার মর্মান্তিক সিসিটিভি ভিডিও ভাইরাল হয়েছে। নাজিবাবাদের মুঘলশাহ এলাকা থেকে পাওয়া এই ঘটনার খবরটি ভারতের বহু অংশে ক্রমবর্ধমান পথ কুকুরের সমস্যা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।” এছাড়াও একাধিক (১, ২) গণমাধ্যমেও একই দৃশ্যটিকে ভারতের হিসেবে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, বরিশালের ঘটনা হিসেবে দাবি করা শিশুর উপর কুকুরের আক্রমণের দৃশ্যটি ভারতের।