তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
শাহবাগের পুরোনো ভিডিও ছড়িয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের মিছিল হয়েছে দাবি

শাহবাগের পুরোনো ভিডিও ছড়িয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের মিছিল হয়েছে দাবি

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ কর্মী বা সমর্থকরা বড় মিছিল করে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি দখল করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটির একটি অংশ শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে করা আন্দোলনের, আর বাকি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

শেখ হাসিনার বাংলাদেশ” নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুয়া ভিডিওটি পোস্ট করা হয়। একটি সমাবেশে কাঁদানে গ্যাস নিক্ষেপের দৃশ্য দেখা যায় ভিডিও-এর শুরুতে। এর পরবর্তী অংশে দেখা যায় একটি মশাল মিছিল ও একজন নারী রিপোর্টারের দৃশ্য। বলতে শোনা যায়, “দর্শক, দেখছেন এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে ধানমন্ডি। আমি দেখানোর চেষ্টা করছি সেটি। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ যে স্লোগান, ঠিক সেই স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে।”

শাহবাগের পুরোনো ভিডিও ছড়িয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের মিছিল হয়েছে দাবি
ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট

ভিডিওর ভেতর লেখা, “৩২ নম্বর বাড়িতে আওয়ামী লীগের বড় বড় মিছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়া দখল করছে ” (বানান অপরিবর্তিত)। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পোস্টটি প্রায় ৪৫০ বার শেয়ার হয়েছে, ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯,০০০ বার। 

ভিডিও-এর প্রথম অংশ থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সময় টেলিভিশনের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। গত বছরের ৮ নভেম্বর প্রকাশিত এই ভিডিও প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মিলে যায়। ভিডিও প্রতিবেদনে দৃশ্যমান কাঁদানে গ্যাস ছোড়া, “দাবি- ১, ১০ম গ্রেড” লেখা প্ল্যাকার্ড ও পাশে দাঁড়ানো বাস সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও-এর মতোই। আসল ভিডিওতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান শোনা যায়নি।

শাহবাগের পুরোনো ভিডিও ছড়িয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের মিছিল হয়েছে দাবি
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশট (বামে) ও সময় টেলিভিশনে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে)

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি ২০২৫ সালের ৮ নভেম্বর বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিয়ে পুলিশের হামলার সময়কার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবিতে এই আন্দোলন করছিলেন।

শাহবাগের পুরোনো ভিডিও ছড়িয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের মিছিল হয়েছে দাবি
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশট (বামে) ও ‘রিজিকের রাস্তা’ পেজের করা পোস্টের স্ক্রিনশট (ডানে)

ভুয়া ভিডিও-এর শেষ ৮ সেকেন্ডের দৃশ্যমান নারী রিপোর্টারের বুমে ও ভিডিও-এর উপরের দিকে ডান কোণে ইংরেজিতে “রিজিকের রাস্তা” লেখা দেখা যায়। ফেসবুকে “সোহেল ট্রুথ মিডিয়া” নামের একটি পেজ খুঁজে পাওয়া যায়, পূর্বে  যার নাম ছিল “রিজিকের রাস্তা”। পেজটিতে গত বছরের ২৭ সেপ্টেম্বর পোস্ট করা একটি ভিডিও-এর কিছু অংশের সঙ্গে ধানমণ্ডির বলে দাবি করা ভিডিওটির শেষ অংশের পুরোপুরি মিল পাওয়া যায়। বিশ্লেষণে পেজটি থেকে প্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি প্রায় শখানেক ভিডিও পাওয়া যায়। 

শাহবাগের পুরোনো ভিডিও ছড়িয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের মিছিল হয়েছে দাবি
এআই কন্টেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ফলাফলের স্ক্রিনশট

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও-এর এই অংশে নিচে ডান কোণে “ভিও” লেখা ওয়াটারমার্ক দেখা যায়, যা গুগলের একটি এআই ভিডিও জেনারেশন মডেল। অন্যদিকে এআই কন্টেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশন জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভবনা ৯৯.৯%। 

অর্থাৎ, আওয়ামী লীগ ধানমন্ডিতে মিছিল করেছে আর ৩২ নম্বর সড়কের বাড়ি দখল করছে দাবিতে প্রচারিত ভিডিওটির একটি অংশ ভিন্ন আন্দোলনের এবং ওপর অংশ এআই দিয়ে বানানো। ভিন্ন অডিও জুড়ে দিয়ে ভুয়া দাবিতে ভিডিওটি ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে।

আরো কিছু লেখা