সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Puri Rath Yatra crowd falsely shared as an anti-Modi protest in Delhi.

‘দিল্লির বুকে ঢাকার জুলাই’ দাবিতে ছড়ানো ভিডিওটি পুরীর রথযাত্রার

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় ‘দিল্লির বুকে ঢাকার জুলাই নেমে এসেছে।’ ভিডিওর বর্ণনা অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে এসেছে হাজারো জনতা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবির পক্ষে প্রচারিত ভিডিওটি দিল্লিতে মোদির পদত্যাগ দাবিতে আন্দোলনের নয়, বরং চলতি বছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীর জগন্নাথ মন্দিরে হওয়া লোকসমাগমের।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১০ অক্টোবর ভিডিওটি পোস্ট করা হয়। ২৫ সেকেন্ডের ভিডিওতে নিজেদের ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া জাগরণ নিউজের লোগো দৃশ্যমান। ভিডিওতে প্রচুর জনসমাগম দেখা যাচ্ছে। ভিডিওর ভেতরে শিরোনামে লেখা, “দিল্লির বুকে নেমে এসেছে ঢাকার জুলাই! পদত্যাগ দাবী ফ্যাসিস্ট মোদির” (বানান অপরিবর্তিত)। পোস্টে লেখা ছিল, “সত্যি কথা বলতে তার জন্য টেনশন হইতেছে বাপের বাড়ি থুইয়া স্বামীর বাড়িতে গেছে স্বামীর বাড়ি তো এখন অশান্তি কি যে এক পোড়া কপাল নিয়ে আসলো আমার আপা এই দুনিয়াতে😁😁😁।”

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৪২ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং সাড়ে পাঁচশর অধিক শেয়ার করা হয়েছে।

‘জাতীয় নাগরিক পার্টি ঝিনাইদহ’ নামের আরেকটি প্রোফাইল থেকে একই ভিডিও পোস্ট করে বর্ণনায় লেখা হয়, “দিল্লির বুকে নেমে এসেছে ঢাকার জুলাই। ✊♥️”

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩) ও পেজ থেকে একই ভিডিওটি নরেন্দ্র মোদির পদত্যাগে দিল্লিতে জনসমাগম, এই দাবির পক্ষে প্রচারিত হয়।

অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে গত ১৮ জুলাই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে লেখা, “পুরী শ্রী জগন্নাথ ⭕❗⭕  মন্দির” এছাড়া বর্ণনায় পুরীধাম-উড়িষ্যা, জগন্নাথযাত্রা২০২৬ এসব হ্যাশট্যাগ ব্যবহৃত হয়েছে। ২৬ সেকেন্ডের ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবুহু সাদৃশ্য পাওয়া যায়।

Puri Rath Yatra footage falsely circulated as a Modi resignation rally in Delhi.
প্রকৃত ঘটনা নিয়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিওর স্ক্রিনশট।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে গত ১৫ জুলাই ভারতভিত্তিক সংবাদসংস্থা এএনআই (ANI) এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পোস্ট করা ভিডিওতে থাকা আশপাশের দৃশ্যপটের সাথে প্রচারিত ভিডিওতে থাকা স্থাপনার মিল পাওয়া যায়। ভিডিওর বর্ণনায় লেখা, “উড়িষ্যা: আগামীকাল শ্রী জগন্নাথ রথযাত্রা শুরুর আগে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

Puri Rath Yatra crowd falsely shared as an anti-Modi protest in Delhi.
ভারতীয় সংবাদসংস্থা এএনআই (ANI) এর এক্স অ্যাকাউন্ট থেকে রথযাত্রার আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পোস্ট হওয়া ভিডিওর স্ক্রিনশট।

ইতঃপূর্বে ভারতেও একই ভিডিওটি যন্তর মন্তরের আন্দোলনের দাবিতে প্রচারিত হলে একাধিক ভারতীয় তথ্য যাচাইকারী সংস্থার ফ্যাক্টচেক প্রতিবেদনে ঘটনাটি পুরীর রথযাত্রার সময়ের ভিডিও বলে চিহ্নিত করা হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি দিল্লিতে মোদির পদত্যাগ দাবিতে আন্দোলনের নয়, বরং চলতি বছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীর জগন্নাথ মন্দিরে হওয়া লোকসমাগমের।


আরো কিছু লেখা