
২০২৬ ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের দ্বিতীয় গোলটি বাতিল হওয়া প্রসঙ্গে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মন্তব্যের দুটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উভয় ফটোকার্ডে সংবাদমাধ্যম ডিবিসি নিউজের লোগো দেওয়া আছে। তবে, ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ডিবিসি নিউজের নামে প্রচারিত উভয় ফটোকার্ডই ভুয়া।
১ম ফটোকার্ড
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৯ জুলাই ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডে নেইমারের ছবি ব্যবহার করে পাশে সাদা হরফে লেখা, “‘মিশরের গোল বাতিল সঠিক সিদ্ধান্ত ছিলো। মিশরের প্লেয়ার গেঞ্জি ধরে টান দেওয়া মারাত্মক ফাউল করেছে। ভিএআর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মেসিসহ পুরো আর্জেন্টিনা লাস্ট ২০ মিনিট অস্বাভাবিক ভালো খেলেছে।’ নেইমার জুনিয়র”। কার্ডের উপরে বামদিকে সংবাদমাধ্যম ডিবিসি নিউজের লোগো আছে। নিচের দিকে তারিখ হিসেবে “৮ জুলাই, ২৬। বুধবার’’ এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটের ঠিকানাও উল্লেখ করা হয়েছে।

ক্যাপশনের একটি অংশে পোস্টদাতা লিখেছেন, “আমার মত অনেক মানুষ আছে বোঝে কম কথা বলে বেশি। দেখুন নেইমার কি বলছে?” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডটিতে ২৯৩টি প্রতিক্রিয়া দেখা যায় এবং পোস্টটি ১৫ বার শেয়ার করা হয়েছে। ফেসবুকের একটি গ্রুপ থেকেও একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়।
২য় ফটোকার্ড
একই সংবাদমাধ্যমের লোগোযুক্ত আরেকটি ফটোকার্ডও ৯ জুলাই ফেসবুকের একটি গ্রুপ থেকে পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে লিওনেল মেসির ছবি সংযুক্ত করে শিরোনামে লেখা, “‘মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিলনা। ভিএআর এর আবেদন সাথে সাথে করা উচিত ছিল। গোল হওয়ার পরে ভিএআর এর আবেদন করাটা অগ্রহণযোগ্য।’” নিচে আবার “লিওনেল মেসি।” লেখা রয়েছে। প্রথম ফটোকার্ডের মতো উপরে ডিবিসি নিউজের নাম এবং লোগো দেওয়া। অন্যদিকে নিচে তারিখ “০৮ জুলাই ২০২৬ | বুধবার ” এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ করা আছে। ক্যাপশনে লেখা, “মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিলনা।

লিওনেল মেসি।” এই প্রতিবেদন লেখা সময় ফটোকার্ডে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৬০ জন ব্যবহারকারী এবং পোস্টে ৪৯ টি মন্তব্য করা হয়েছে। ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই পোস্ট শেয়ার করা হয়।
ফটোকার্ডগুলো সত্যতা যাচাই করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় ডিসমিসল্যাব। দুইটি ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায় প্রতিটি ছবিতে নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের সাদা জলছাপ আছে। গুগলের এআই চ্যাটবট ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এই চিহ্ন থাকে।
ফটোকার্ডের বিষয়ে বিস্তারিত যাচাইয়ে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজের ৮ জুলাইয়ের সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সেদিন সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ডিবিসি নিউজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মিসরের গোল নিয়ে মেসি বা নেইমারের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে আরও নিশ্চিত হতে, ডিবিসি নিউজের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া বিভাগের উপ-মহাব্যবস্থাপক কামরুল ইসলাম রুবেল ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন, গোল বাতিল নিয়ে মেসি-নেইমারের মন্তব্যযুক্ত এমন কোনো ফটোকার্ড সংবাদমাধ্যমটি প্রকাশ করেনি।
অর্থাৎ ডিবিসি নিউজের নামে ভুয়া ফটোকার্ডে মেসি-নেইমারের মন্তব্য বসিয়ে এমন অপতথ্য ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই, বিশ্বকাপ ফুটবলে শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচে ৬২তম মিনিটে মিসরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোর করা গোলটি ভিএআরের হস্তক্ষেপে বাতিল করা হয়। কারণ, গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিসরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন। বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআরের দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিসর।