নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্টচেক বিএনপি নেতার বিল না দেওয়ার নয়, ঘটনাটি স্টার কাবাবে ক্রেতার ওপর হামলার

বিএনপি নেতার বিল না দেওয়ার নয়, ঘটনাটি স্টার কাবাবে ক্রেতার ওপর হামলার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিএনপি নেতা বিল না দিয়ে চলে যাওয়ার সময় মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আসলে স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলার দৃশ্য। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কয়েকজন ক্রেতা ইফতারের খেজুরের দাম নিয়ে প্রশ্ন করলে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন রেস্তোরাঁ কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান।

ফেসবুকে “বাংলাদেশ” নামের একটি পেজ থেকে গত ৩০ মে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “রেস্টুরেন্টে গিয়ে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিল না দিয়ে চলে যাওয়ার সময় বেদম ক্যালানি।” ৪৩ সেকেন্ডের ভিডিওটিতে লাল রঙের পোশাক পরা একাধিক কর্মীর সঙ্গে একাধিক ক্রেতাকে মারামারি করতে দেখা যায়, এক পর্যায়ে কর্মীদের চেয়ার ছুঁড়ে মারতেও দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১২ হাজার বারের বেশি, এবং ভিডিওটি শেয়ার হয়েছে ১২৩ বার। ফেসবুকের একাধিক (, , , , , ) ব্যক্তিগত প্রোফাইল এবং গ্রুপ থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইনস্টাগ্রামের একাধিক (, ) অ্যাকাউন্ট থেকেও দাবিটি প্রচারিত হয়েছে।

ফ্যাক্টচেক বিএনপি নেতার বিল না দেওয়ার নয়, ঘটনাটি স্টার কাবাবে ক্রেতার ওপর হামলার
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে চ্যানেল আই এর একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত ৮ মার্চে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা।” এ প্রতিবেদনের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে। একাধিক (, , ) গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনেও এ ঘটনাকে গ্রাহকদের ওপর স্টার কাবাবের কর্মীদের হামলা হিসেবে উল্লেখ করা হয়।

রিভার্স ইমেজ সার্চে বিষয়ে একাধিক (, , ) গণমাধ্যমের লিখিত প্রতিবেদনও পাওয়া যায়। গত ৮ মার্চে ইত্তেফাকের প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, “রাজধানীতে আবারও গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। এবার পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেলের শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে। এ সময় কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।” এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ফ্যাক্টচেক বিএনপি নেতার বিল না দেওয়ার নয়, ঘটনাটি স্টার কাবাবে ক্রেতার ওপর হামলার
মূল ঘটনা নিয়ে সংবাদ প্রতিবেদন।

অর্থাৎ, বিএনপি নেতা বিল না দিয়ে চলে যাওয়ার সময় মারামারির দাবিতে প্রচারিত হচ্ছে স্টার কাবাবে ক্রেতার ওপর হামলার ভিডিও। 

আরো কিছু লেখা