সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
BNP leader openly orders to convert Hindus to Islam in Chittagong fact-check

হিন্দুদের ধর্মান্তরিত করতে বলেছিলেন আওয়ামী নেতা, বিএনপি নেতা নন

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম সম্প্রতি একটি ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ভিডিওতে দাবি করা হয়, চট্টগ্রামে এক বিএনপি নেতা হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলমান বানাতে প্রকাশ্যে তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন। তবে, ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওটি প্রায় ১০ বছরের পুরোনো এবং ভিডিওর ব্যক্তি আওয়ামী লীগের নেতা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের আগস্ট মাসে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ এমন বক্তব্য করেছিলেন। প্রতিবেদন থেকে জানা যায়, তার সাথে দেখা করতে আসা তাবলীগ সদস্যদের পরামর্শ দিয়েছিলেন, হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে।

BNP leaders ordered to convert Hindus in Muslim fact-check
অসত্য দাবিতে ছড়ানো এক্স পোস্টের স্ক্রিনশট।

‘ভয়েস অব বিডি হিন্দুস’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ২২ মে ভিডিওটি পোস্ট করা হয়। ২৯ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে দেখা যায়, একজন টুপি পরা ব্যক্তি তার সামনের লোকজনকে বলছেন, “আপনি দেশে দেশে আসতেছেন, দৌঁড়তেছেন, ভালো করতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের তবলিগ থেকে আমাদের সাঈদী সাহেব, উনি জামায়াত ইসলাম হইলেও অনেক হিন্দুদের মুসলমান করছে এটা সত্যি। কিন্তু আপনারা তবলিগ একটা হিন্দুকেও মুসলমান বানাতে পারেন নাই এখনো।” (ভাষা অপরিবর্তিত)। এছাড়া হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিতেও দেখা যায় তাকে।

পোস্টদাতার ইংরেজিতে লেখা ক্যাপশন বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “চট্টগ্রামের ভাইরাল ভিডিও: বিএনপি নেতা প্রকাশ্যে তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন হিন্দুদের ইসলামে দীক্ষিত করতে এবং সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন ও বিশেষ করে হিন্দু মেয়েদের নিশানা করছেন। ‘তাদের ধর্মান্তরিত করুন… আমি সব ধরনের সহায়তা দেব।’ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা সরাসরি হুমকির মুখে…” (লেখা অপরিবর্তিত)। 

এই প্রতিবেদন প্রকাশের আগ সময় পর্যন্ত ভিডিওটি ৪ হাজার ৭০০ এর বেশিবার দেখা হয়েছে এবং ২৮৭ বার অন্যান্য অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা হয়েছে।

ফেসবুক (,,,,) ও ইনস্টাগ্রামেও () একই দাবিতে পোস্ট করতে দেখা গেছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাব ২০১৬ সালের ২৭ আগস্ট ঢাকা ট্রিবিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায়। শিরোনামে লেখা, “হিন্দুদের ধর্মান্তরিত করার পক্ষে চট্টগ্রামের ইউপি চেয়ারম্যান।” ৩৮ সেকেন্ডের ভিডিওর প্রথম ২৯ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

BNP leader ordered to convert Hindus fact-check
মূল ঘটনা নিয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট।

এ ব্যাপারে অধিকতর যাচাইয়ের প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ঘটনাটি নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে ভিডিওতে দেখা যায়।

বিশ্বব্যাপী ইসলাম প্রচারকারী সংগঠন তাবলীগ জামায়াতের একটি প্রতিনিধি দল ২০১৬ সালের ১২ আগস্ট নারায়ণহাট পরিদর্শনে যান। হারুনুর রশিদ তাদের বলেন, “তাবলীগের সদস্যরা একজন হিন্দুকেও ধর্মান্তরিত করতে পারেননি। একটা বা দুইটা করুন এবং আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।” প্রতিবেদন থেকে জানা যায়, হারুনুর রশিদ নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন। স্ক্রল ইন নামের একটি ওয়েবসাইটেও এই ঘটনার নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

In Chittagong BNP leader ordered to convert Hindus fact-check
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, প্রায় ১০ বছর আগের আওয়ামী নেতার পুরোনো বক্তব্য প্রচার করা হচ্ছে, সম্প্রতি বিএনপি নেতা হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বলেছেন দাবিতে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। হিন্দুদের ধর্মান্তরিত করতে বলেছিলেন আওয়ামী নেতা, বিএনপি নেতা নন।

আরো কিছু লেখা