মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক নেপালে মুসলিম নিধনের দাবিতে ছড়াল ভারতীয় ভোজপুরি মিউজিক ভিডিওর দৃশ্য

নেপালে মুসলিম নিধনের দাবিতে ছড়াল ভারতীয় ভোজপুরি মিউজিক ভিডিওর দৃশ্য

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, নেপালে মুসলিমদের নিধন করছে হিন্দুত্ববাদীরা। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি নেপালের কোনো ঘটনার নয়, বরং ভারতে ধারণ করা একটি ভোজপুরি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ের।

সামাজিক মাধ্যম ফেসবুকে গত ৩ আগস্ট একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে “নেপালি মুসলিম নিধনে নেমেছে হিন্দুত্ববাদীরা” ক্যাপশনে একটি ভিডিও প্রকাশ করা হয়, ভিডিওর গায়েও বসানো হয় একই টেক্সট। ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিনারবিশিষ্ট একটি স্থাপনার সামনে গেরুয়া রঙের পতাকা হাতে কয়েকজন লোক দৌড়াচ্ছে, আশপাশে উড়ছে আগুনের কালো ধোঁয়া, আর সামনে দাঁড়ানো একটি আইসক্রিম ভ্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৯০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে ৫৩০ বারের বেশি।

ফ্যাক্টচেক নেপালে মুসলিম নিধনের দাবিতে ছড়াল ভারতীয় ভোজপুরি মিউজিক ভিডিওর দৃশ্য
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক ভিডিওর স্ক্রিনশট।

ডিসমিসল্যাবের অনুসন্ধানে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে প্রবীন কুমার (Pravin Kumar) নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ জুন প্রকাশিত একটি ভিডিওর প্রথম ৫ সেকেন্ডের হুবহু মিল পাওয়া যায়। অ্যাকাউন্টটি থেকে শ্যুটিং-এর একাধিক ভিডিও পোস্ট হতে দেখা যায় (, , )। ২০ সেকেন্ডের ওই ভিডিওর হিন্দি ক্যাপশনে বলা হয়, এটি সংগীতশিল্পী মণি মিরাজের একটি গানের শ্যুটিংয়ের সময়কার ফুটেজ। 

এরপর সংশ্লিষ্ট কিওয়ার্ড ধরে সার্চ করলে দেখা যায়, সামাজিক মাধ্যমে Mani Miraj নামে ভারতীয় কনটেন্ট নির্মাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া যায়। তার প্রকৃত নাম মো. মিরাজ আলম (Md Meraj Alam)। গত ১৩ জুলাই ওয়েব মিউজিক নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তাঁর গাওয়া “রাম জি রাহাম কারি” শিরোনামের একটি ভোজপুরি মিউজিক ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওর ৬ থেকে ১৩ সেকেন্ড অংশের সঙ্গেও ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায় — একই মিনার, গেরুয়া পতাকা হাতে দৌড়ানো একই লোকজন এবং ফ্রেমে একই আইসক্রিম ভ্যান দেখা যায়।

ফ্যাক্টচেক নেপালে মুসলিম নিধনের দাবিতে ছড়াল ভারতীয় ভোজপুরি মিউজিক ভিডিওর দৃশ্য
প্রবীন কুমার নামের ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট এবং ইউটিউবে প্রকাশিত মিউজিক ভিডিওর স্ক্রিনশট।

অর্থাৎ, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রকৃতপক্ষে ভারতের একটি ভোজপুরি মিউজিক ভিডিওর শুটিং দৃশ্য থেকে নেওয়া, এর সঙ্গে নেপাল বা মুসলিম নিধনের কোনো সম্পর্ক নেই।

আরো কিছু লেখা