নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক বরিশাল বিশ্ববিদ্যালয় অস্ত্র উদ্ধার, এআই ভিডিও

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভিডিওটি এআই দিয়ে বানানো

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সেক্রেটারির কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১০ আগস্ট একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সেক্রেটারির রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।” ২৯ সেকেন্ডের ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সেক্রেটারির রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে ছাত্রদলের সেক্রেটারির রুম থেকে ৫ আগস্ট পুলিশের লুট হয়ে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এই অস্ত্রগুলো ৫ আগস্ট যাত্রাবাড়ি থানা থেকে লুট হয়ে যাওয়া ওই অস্ত্র। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের কঠিন শাস্তিসহ আইনের আওতায় আনা হবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১৪ হাজার বারের বেশি দেখা হয়েছে, পোস্টটি শেয়ার হয়েছে সাতশ বারের বেশি। একই ভিডিও কিংবা ভিডিও থেকে নেওয়া ছবি ছড়িয়ে পড়েছে আরও একাধিক ফেসবুক (,,,,) প্রোফাইল, পেজ থেকেও।

ফ্যাক্টচেক বরিশাল বিশ্ববিদ্যালয় অস্ত্র উদ্ধার, এআই ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট

পর্যবেক্ষণে ভিডিওতে নানা অসংগতি নজরে আসে ডিসমিসল্যাবের। ভিডিওর ৬ সেকেন্ডে এক ব্যক্তির জামার হাফ হাতা ফুল হাতা হয়ে যায়। পোশাকের রং ও ধরনও বদলে গেছে। ভিডিওতে থাকা খাটের আকৃতি ও গঠন পরিবর্তিত হতে থাকে। দেয়ালের পোস্টারও বদলে গেছে। পুলিশ সদস্য যখন মেঝেতে থাকা অস্ত্রগুলো তুলছেন বা ধরছেন, তখন তার আকৃতি অসংগতভাবে পরিবর্তিত ও বিকৃত হচ্ছে। মেঝেতে থাকা অস্ত্রের সংখ্যা ও ধরনেও পরিবর্তন আসে।

এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করেও দেখা গেছে, এর ভিডিও এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯.৯% এবং অডিও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.১%। অধিকতর যাচাইয়ে ডিসমিসল্যাব গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে পরীক্ষা করে। গুগল সিন্থআইডি ফলাফলে জানায়, “এই ভিডিওর অডিও এবং দৃশ্য উভয় ক্ষেত্রেই শনাক্ত হওয়া সিন্থআইডি ওয়াটারমার্কের উপস্থিতি নির্দেশ করে, এটি গুগলের এআই ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।”

ফ্যাক্টচেক বরিশাল বিশ্ববিদ্যালয় অস্ত্র উদ্ধার, এআই ভিডিও
এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন এবং সিন্থ-আইডির ফলাফলের স্ক্রিনশট

এ ছাড়া, নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি।

অর্থাৎ, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে বানানো।

আরো কিছু লেখা