সম্প্রতি ইতালির ভেনিসে আওয়ামী লীগ সমর্থকদের হাতে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ইতালির সংবাদপত্র কোররিয়েরে দেল্লা সেরার (Corriere della Sera) একটি প্রতিবেদনের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগে ইতালিয় পুলিশ বাঁধনকে জিজ্ঞাসাবাদ করছে। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, কোররিয়েরে দেল্লা সেরার নামে প্রচারিত এই প্রতিবেদনের পাতাটি এআই দিয়ে তৈরি; পত্রিকাটি এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
গত ৯ সেপ্টেম্বর ফেসবুকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দাবিটি পোস্ট করা হয়। ছবিতে কোরিয়ারে ডেলা সেরার মাস্টহেডের নিচে বাঁধনের একটি ছবিসহ ইতালীয় ভাষায় শিরোনাম করা হয়. শিরোনামের বাংলা করলে দাঁড়ায়, “ইতালিয় পুলিশ আজমেরি হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ করছে, চরমপন্থী সংগঠনগুলোর সাথে সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ১ হাজার ১০০ প্রতিক্রিয়া পড়েছে এবং শেয়ার হয়েছে ১১৭ বার। একই দাবিতে ফেসবুকের আরও কয়েকটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্টটি ছড়িয়ে পড়তে দেখা যায় (১, ২, ৩)।

সত্যতা যাচাইয়ে প্রথমে ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব, তাতে কোনো নির্ভরযোগ্য সূত্রে এই প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিবেদনের শিরোনাম ধরে কি-ওয়ার্ড সার্চেও এমন কোনো প্রতিবেদনের হদিস মেলেনি। এরপর কোরিয়ারে ডেলা সেরার ওয়েবসাইটে বাঁধনের ওপর হামলার ঘটনা নিয়ে সার্চ করা হয়। সেখানে ঘটনাটি নিয়ে দুটি প্রতিবেদন (১, ২) পাওয়া যায়, তবে দুটির কোনোটিতেই পুলিশি জিজ্ঞাসাবাদ বা চরমপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সংক্রান্ত কোনো তথ্য নেই।
প্রচারিত ছবিটি খুঁটিয়ে দেখা গেছে, পত্রিকার নামের ঠিক নিচে লাল ব্যাকগ্রাউন্ডে ইতালীয় ভাষায় ছোট করে লেখা রয়েছে, “এটি একটি ভুয়া সংবাদ, এটি কোনো সত্য ঘটনা নয়” (মূল: Notizia fittizia – Questa non è una notizia reale) যা প্রতিবেদনটির অসত্য হওয়ার সরাসরি স্বীকারোক্তি।
এরপর ছবিটি এআই দিয়ে তৈরি কি না তা যাচাইে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে (Hive Moderation) পরীক্ষা করে ডিসমিসল্যাব, যাতে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৩ দশমিক ৭ শতাংশ বলে চিহ্নিত হয়। ওপেনএআইয়ের নিজস্ব ভেরিফিকেশন টুলে পরীক্ষা করা হলে সেখানেও ছবিটি ওপেনএআইয়ের টুল দিয়ে তৈরি বলে শনাক্ত হয়।

অধিকতর নিশ্চিত হতে কোররিয়েরে দেল্লা সেরার গত এক সপ্তাহের ই-পেপার সংস্করণ ঘেঁটে দেখে ডিসমিসল্যাব। এই সময়ের কোনো সংখ্যায়, এমনকি ছড়িয়ে পড়া প্রতিবেদনে উল্লিখিত ৮ সেপ্টেম্বরের সংখ্যাতেও, বাঁধনকে নিয়ে এমন কোনো প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইতালির সংবাদপত্র লা স্তাম্পার (La Stampa) একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, ইতালি পুলিশের বিশেষ শাখা ডিগোস (Digos) বাঁধনের ওপর হামলার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ওই এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। এই প্রতিবেদনেও চরমপন্থী সংগঠনের সঙ্গে বাঁধনের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে বাঁধনের ওপর হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সেখানেও পুলিশি জিজ্ঞাসাবাদ সংক্রান্ত কোনো তথ্য নেই।
অর্থাৎ, আজমেরী হক বাঁধনকে চরমপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইতালিয় পুলিশের জিজ্ঞাসাবাদের দাবিতে প্রচারিত কোরিয়ারে ডেলা সেরার প্রতিবেদনের ছবিটি এআই দিয়ে তৈরি।

