দেশ রক্ষায় আওয়ামী লীগ সমর্থকরা মশাল মিছিল করছে, এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি ভুয়া। গত ৩১ জুলাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর করা মশাল মিছিলের দৃশ্য এটি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৭ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়। ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, মশাল হাতে রাস্তায় স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটি মিছিল। সামনের সারিতে আছেন নারীরা। ভিডিওর ভেতরে বাম দিকে “নিউজ বাংলা” লেখা একটি লোগো। পোস্টের বর্ণনায় লেখা, “আওয়ামীলীগ দেশ রক্ষার আন্দোলনে মশাল মিছিল করছে…”। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওতে ২ হাজার ৯০০-এর অধিক প্রতিক্রিয়া দেখানো হয়েছে, এবং ভিডিওটি দুই শতাধিক বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক পেজ এবং ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
দাবির সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। এতে চলতি বছরের ৩১ জুলাই ‘নিউজ বাংলা’ নামের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওতে লেখা ছিল, “এনসিপির বিরুদ্ধে মশাল হাতে শক্তির মহড়া দেখালেন ইশরাক হোসেন।” ২৩ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে ছড়ানো ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।

বিস্তারিত যাচাইয়ে কিওয়ার্ড সার্চে, একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন (১, ২, ৩, ৪, ৫, ৬) পাওয়া যায়। বাংলা ট্রিবিউনে গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, “প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।” প্রতিবেদন অনুযায়ী, ৩১ জুলাই মশাল মিছিলটি রাজধানীর মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়।

অর্থাৎ, ছড়ানো ভিডিওটি আওয়ামী লীগের নয়, বরং বিএনপির মশাল মিছিলের একটি দৃশ্য।

