সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টে দাবি করা হয়েছে, লাখো মানুষের “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে উত্তাল শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি পুরোনো। দৃশ্যটি মূলত ২০২২ সালের ৭ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অভিমুখগামী মিছিলের।
‘শেখ মজিবুর’ নামে এক ফেসবুক প্রোফাইল থেকে গত ১৬ আগস্ট ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “এইমাত্র পাওয়া আপডেট শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে লাখো লাখো মানুষের ঢল স্লোগানে উত্তাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের ভাইয়েরা বেশি বেশি শেয়ার করে দিন” (বানান অপরিবর্তিত)।
ভিডিওতে বিভিন্ন রঙের টুপি ও পোশাক পরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল দেখা যাচ্ছে। এতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটির নৌকা প্রতীক, নেত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার-পোস্টার দৃশ্যমান। তাছাড়া ভিডিওর নিচে ডান কোণে সময় টিভির লোগোও দেখা যায়।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “উত্তাল সাগরের মতো জনস্রোত যেন প্রতিটি মিছিল। আর জনস্রোতের ঢেউয়ে মিশেছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভোরের আলো ফুটতেই কক্সবাজার জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো…”। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৬১ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় দুই হাজার বার শেয়ার হয়েছে।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে সময় টিভির মূল ভিডিও প্রতিবেদনটি খুঁজে পায় ডিসমিসল্যাব। ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনের প্রতিটি দৃশ্য ও এসব দৃশ্যের ধারাবাহিকতা সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে পুরোপুরি মিলে যায়। সময় টিভি তাদের প্রতিবেদনের ক্যাপশনে লিখেছে, “আওয়ামী লীগের সমাবেশে কক্সবাজারে জনসমুদ্র।”

মূল ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন (১, ২) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর কক্সবাজার সৈকতের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনসমাবেশে যোগ দিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে হন। সে দৃশ্যই সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২২ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এক জনসভা উপলক্ষ্যে করা মিছিল থেকে নেওয়া।

