মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক শোক মিছিলের ছবিতে এআই দিয়ে বাড়ানো হয়েছে মানুষের সংখ্যা

শোক মিছিলের ছবিতে এআই দিয়ে বাড়ানো হয়েছে মানুষের সংখ্যা

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিশাল শোক মিছিল দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, শোক মিছিলের মূল ভিডিওতে লোকসমাগম কম ছিল। মিছিলের মূল দৃশ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সম্পাদনা করে মিছিলের লোকসংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে।

ফেসবুকে গত ১ আগস্ট একটি গ্রুপে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে তিনটি ছবির একটি কোলাজ পোস্ট (আর্কাইভ) করা হয়। পোস্টে লেখা, “বিশাল বড় শোক মিছিল শোক হোক শক্তি স্লোগানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান সাকিবের নেতৃত্ব বিশাল শোক মিছিলটি দেখার মতো ছিল।”

ফ্যাক্টচেক শোক মিছিলের ছবিতে এআই দিয়ে বাড়ানো হয়েছে মানুষের সংখ্যা
ফেসবুকে ‘বিশাল শোক মিছিল’ দাবি করে প্রচারিত ছবি।

কোলাজ ছবিতে একটি বিশাল মিছিলের দুটি দৃশ্য দেখা যায়। এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত, পোস্টে তিন হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। প্রায় দেড় শ মন্তব্যের পাশাপাশি ছবিটি ১৭০বার শেয়ার করা হয়েছে।

একই ছবি ব্যবহার করে ফেসবুকে এ দাবিতে একাধিক পোস্ট করতে দেখা গেছে (,)।

পর্যবেক্ষণে একাধিক অসংগতি দেখা গেছে। মিছিলের পেছনের সারির কারও মুখ স্পষ্ট নয়, এমনকি সামনের সারির মানুষদের মুখও বিকৃত। ছবির দৃশ্যপট বলছে ছবিগুলো দুটি ভিন্ন মুহূর্তের, কিন্তু দুই ছবিতেই সামনের সারির সবার মুখভঙ্গি, হাতপায়ের অবস্থান একই। একজনের হাত মাঝপথে গায়েব হয়ে গেছে। একটি পোস্টার ছাড়া বাকি সব পোস্টারের ভাষাই বাংলা বা বোধগম্য কোনো ভাষার নয়। এসবকিছুই এআই-নির্মিত বা সম্পাদিত হওয়ার সম্ভাবনার কথা বলে।

বিস্তারিত বিশ্লেষণে ডিসমিসল্যাব একাধিক এআই শনাক্তকারী টুল ব্যবহার করে। সাইটইঞ্জিন এবং এআইঅরনট বলেছে, ছড়ানো ছবিটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। ইমেজ হুইস্পারারের বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক সমাবেশের এই ছবিতে ডিজিটাল সম্পাদনার মাধ্যমে দৃশ্যগত পরিবর্তন এবং পটভূমি পরিবর্তনের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। অর্থাৎ, মূল দৃশ্যে অতিরিক্ত মানুষ ও অন্যান্য উপাদান যোগ করে মিছিলটিকে বাস্তবের তুলনায় অনেক বড় দেখানোর চেষ্টা করা হয়েছে।

পরবর্তী ধাপে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে সংশ্লিষ্ট একটি ভিডিও পাওয়া যায়। গত ১ আগস্ট প্রকাশিত এই পোস্ট থেকে জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকেও এই ভিডিও পোস্ট করা হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পোস্টে লেখা ছিল, “জাতির পিতার স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের শোক মিছিল আগস্টের শোক হবে ডিসেম্বরের শক্তি.. “বঙ্গবন্ধুর আদর্শই আমাদের সংগ্রামের সাহস, আর বাংলাদেশ আমাদের অঙ্গীকার”।”

বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিও।

এছাড়া আরও একাধিক পেজ (,) থেকে একই ভিডিও শেয়ার দেওয়া হয়েছে। সবগুলো ভিডিওতে ব্যানারের সামনের ব্যক্তি ও সামনের সারিতে থাকা লোকজনের সঙ্গে ছড়িয়ে পড়া ছবিতে থাকা মানুষদের মিল লক্ষ্য করা যায়। তবে এই ভিডিওগুলোতে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। 

অর্থাৎ, এই ভিডিওর দৃশ্যই এআই দিয়ে সম্পাদনা করে ছড়ানো ছবিতে বাস্তবের তুলনায় অনেক বাড়িয়ে দেখানো হয়েছে।

আরো কিছু লেখা