চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমাবেশে মানুষের ঢল নেমেছে, এমন দাবিতে সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে চট্টগ্রামের বাঁশখালী সমুদ্রসৈকতে হাজারো মানুষের ছোটার দৃশ্য।
ইউটিউবে ‘টুটুল ভাই ২ ভ্লগস’ (Tutul vai 02 Vlogs) নামের একটি চ্যানেল থেকে গত ১০ আগস্ট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ভেতরে লেখা, “চট্টগ্রামের আওয়ামী লীগের সমাবেশ ছিল আজ কা/না/য় কা/নায় ভর/পুর।” ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে অসংখ্য মানুষ একদিকে আরেক দিকে দৌড়াচ্ছেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, “আলহামদুলিল্লাহ। চট্টগ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটি ১ লাখ ৭৭ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় দুই হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।
সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। অনুসন্ধানে ‘কালবেলা’র অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৬ সালের ৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। “বাঁশখালী সমুদ্রতীরে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে পেছনে ছুটছেন হাজারো মানুষ”- শিরোনামে প্রকাশিত এই ভিডিওর জনসমাগম, এপিবিএন সদস্য ও পারিপার্শ্বিক দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্য মিলে যায়।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের ৯ আগস্ট কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, “সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যেন জনসমুদ্রেও উচ্ছ্বাসের ঢেউ ওঠে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।”
সুতরাং, চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশের দাবিতে ছড়ানো ভিডিওর দাবিটি মিথ্যা। বাঁশখালী সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে মানুষের উল্লাসের দৃশ্যকে ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে।

