
নৌকার মতো বাড়ি বানানোর অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দুই পুলিশ সদস্য এক বয়স্ক ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যাচ্ছে। তাদের পেছনে একটি বিশাল নৌকা আকৃতির দোতলা বাড়ি দেখা যাচ্ছে। লাল-সবুজ রঙে রাঙানো বাড়িতে লেখা, “আওয়ামী লীগ কে ভালোবাসি”, “নৌকা প্রতীক, আমার গর্ব”।
পোস্টের ক্যাপশনে লেখা, “নৌকার মতো বাড়ি বানানোর কারনে আওয়ামীগের নির অপরাধ সমর্থকগ্রেফতার আমি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, নিঃশর্ত মুক্তি দিতে হবে। (বানান অপরিবর্তিত)” এ পর্যন্ত পোস্টটি তিন শতাধিক বার শেয়ার হয়েছে, প্রতিক্রিয়া পেয়েছে দুই হাজারের বেশি। মন্তব্যে একজন লিখেছেন, “করতে থাকো সময় হলে ঠিকই বুঝতে পারবে।” আরেকজন মন্তব্য করেছেন, “তীব্র নিন্দা জানাই।” একই ছবি দিয়ে তৈরি ভিডিও ইউটিউবেও একই দাবিতে ছড়িয়েছে।
এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি পেজ থেকে একই দাবিতে আরেকটি ছবি ছড়িয়েছে। এতেও দেখা যায়, বাংলাদেশ পুলিশের পোশাক পরিহিত কয়েকজন সদস্য এক ব্যক্তিকে হাতকড়া পরা অবস্থায় একটি পুলিশ ভ্যানের পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের পেছনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি একটি বাড়ি দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা, “নৌকার মতো বাড়ি বানানোর অপরাধে এই লোকটিকে ধরে নিয়ে যাচ্ছে, এটা যদি অপরাধ হয়ে থাকে তবে এই বাংলায় হাজার হাজার ঘর এভাবে বানানো হবে,কয়জনকে ধরে নিবেন।”

ছবিগুলোর সত্যতা যাচাইয়ে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডিতে পরীক্ষা করা হয়। সিন্থআইডি জানায়, দুইটি ছবির সম্পূর্ণ বা কিছু অংশ গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা গেছে, ছবিগুলো এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।
ছড়িয়ে পড়া ছবিতে “আনোয়ার টিভি৩” এর একটি লোগো দেখা যায়। এ নামের ফেসবুক পেজে নৌকার আদলে গাড়ি কিংবা সাইকেলসহ নানা কিছু তৈরির দাবিতে শতাধিক এআই ছবি পোস্ট করতে দেখা যায়।
অর্থাৎ, নৌকার মতো বাড়ি বানানোর অপরাধে গ্রেপ্তারের দাবিতে ছড়িয়ে পড়া এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, বাস্তব নয়।
প্রসঙ্গত, সিন্থআইডি হলো গুগল উদ্ভাবিত একটি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি, অডিও, ভিডিও এবং টেক্সট শনাক্ত করার জন্য এটি তৈরি করা হয়েছে।