
আওয়ামী লীগের একটি মিছিলের ভিডিও সম্প্রতি একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে স্লোগানে উত্তাল সারাদেশ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।
গত ২৫ এপ্রিল ইউটিউবের একটি চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। “সেভেন্টিওয়ান মিডিয়া কল” নামের চ্যানেলটির বিবরণীতে জানানো হয়েছে, তারা যাচাইকৃত সূত্র থেকে তথ্য উপস্থাপন করার চেষ্টা করে। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করা হয়েছে।

ছড়িয়ে পড়া ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। প্ল্যাকার্ডে লেখা, “শেখ হাসিনাকে ফিরিয়ে দাও”, “আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে চাই”, “আমাদের নেত্রী শেখ হাসিনা চাই”, “শেখ বঙ্গবন্ধুর কন্যাবে চাই” (বানান অপরিবর্তিত)। স্লোগানে শোনা যায়, “শেখ হাসিনা, শেখ হাসিনা!, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো!”, “জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!” পোস্টের ক্যাপশনে লেখা, “শেখ হাসিনাকে ফিরিয়ে আনো স্লোগানে উত্তাল সবাই।” ভিডিওটি এ পর্যন্ত প্রায় ২০ হাজারবার দেখা হয়েছে।
ভিডিওটি একই ক্যাপশনে ছড়িয়েছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও। সেটিও দেখা হয়েছে প্রায় ছয় শতাধিক বার।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে একই ভিডিও খুঁজে পাওয়া যায় মাই ঢাকা টিভি নামের একটি ফেসবুক পেজে। হুবহু সেই ভিডিওটি একই ক্যাপশনে বাকি দুটি অ্যাকাউন্টের প্রায় ঘণ্টাখানেক আগে পোস্ট করতে দেখা যায়। এই পেজ থেকে ভিডিওটি ৫৬ হাজারের বেশিবার দেখা হয়েছে, শেয়ার হয়েছে আট শতাধিক বার।

মাই ঢাকা টিভি নামের এই পেজটি তাদের পরিচয় সম্পর্কে জানিয়েছে, এটি কোনো পেশাদার সংবাদ টিভি নয়। এমনকি এখানে থাকা সব তথ্য সঠিক নয় এবং বেশিরভাগ কনটেন্টই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে ভিডিওটি সত্য বলে ধরে নিচ্ছেন বেশিরভাগ ব্যবহারকারী। একজন মন্তব্য করেছেন, “শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে।” কেবল একজন ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে মন্তব্য করেছেন।
পর্যবেক্ষণে ভিডিওতে নানা অসঙ্গতি নজরে আসে ডিসমিসল্যাবের। সবকয়টি ব্যানার ও প্ল্যাকার্ডে “বাংলাদেশ আওয়ামী লীগ” লেখাটি বিকৃত হতে দেখা যায়। পতাকা উড়তে ও মানুষের হাঁটার ছন্দের মধ্যে এক ধরনের কৃত্রিমতা লক্ষ্য করা যায়। পেছনের সারির মানুষের মুখগুলো খেয়াল করলে দেখা যায় সেগুলো কিছুটা অস্পষ্ট, আবার একে অপরের সঙ্গে মিশে গেছে, যা বর্তমান এআই জেনারেটিভ মডেলগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য।
এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করেও দেখা গেছে, এই ভিডিও এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ। ভিডিওতে যে স্লোগান শোনা যায়, তাও এআই নির্মিত বলে জানায় টুলটি।
অর্থাৎ, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সারাদেশ উত্তাল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি।