নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, আওয়ামী লীগের মশাল মিছিল এআই ছবি

আওয়ামী লীগের ১ কিলোমিটার দীর্ঘ মশাল মিছিলের ছবিটি এআই দিয়ে তৈরি

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি পোস্টে একটি কোলাজ ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, দৃশ্যগুলো গোপালগঞ্জে আওয়ামী লীগের ১ কিলোমিটার দীর্ঘ মশাল মিছিলের। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, কোলাজের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

গত ২৭ নভেম্বর ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে চারটি ছবির একটি কোলাজ ছবি পোস্ট করে লেখা হয়, “গোপালগঞ্জ—হাজার হাজার মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল,,✊আগুনের দাবানলকে দাবিয়ে রাখা যায় না -এটাই বাস্তবতা। ১৬ ডিসেম্বর আর মাত্র ১৯ বাকী। “গোপালগঞ্জ—হাজার হাজার মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল,,✊ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” 

ফেসবুকের একাধিক (১, ২, ৩) গ্রুপ এবং পেজ থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়। একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টের এক অংশে লেখা হয়, “বাংলাদেশে নতুন  ইতিহাস রচনা করলো গোপালগঞ্জবাসী। দীর্ঘ ৭ কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল। নারী তরুণী এবং শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।” 

ফ্যাক্টচেক, আওয়ামী লীগের মশাল মিছিল এআই ছবি
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ছবিতে দেখা যায়, মশাল হাতে অসংখ্য মানুষ মিছিল করছে। ছবিটি পর্যবেক্ষণে একাধিক অসংগতি খুঁজে পাওয়া যায়। বামের উপরের ছবিটিতে রাস্তার পাশে একটি বড় গাছ দেখা যায়, যার পাশে ছোট প্রায় সমাকৃতির দুটি গাছ দেখা যায়। বামের নিচের ছবিটিতে বড় গাছের পাশের গাছটি অনেক ছোট হয়ে গেছে, আবার অন্য ছোট গাছটি বড় হয়েছে।
ছবিগুলোতে সাদা পাঞ্জাবি পড়া এক ব্যক্তিকে দেখা যায়। বামের ছবিতে যার পাঞ্জাবিতে একটি দাগ আছে, কিন্তু ডানের ছবিগুলোতে সে দাগ হারিয়ে গেছে। এছাড়া মিছিলের সামনের সারির ব্যক্তিদের পায়ের আকৃতিতে অসংগতি দেখা যায়।

ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে এআই শনাক্তকারী টুল ‘সিন্থআইডি ডিটেকটর’ ব্যবহার করে ডিসমিসল্যাব। এতে জানানো হয়, ছবিতে ‘সিন্থআইডি’ শনাক্ত হয়েছে, ওপেনআইয়ের এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এআই শনাক্তকরণ টুল সাইটইঞ্জিনেও ছবিটি পরীক্ষা করা হয়। টুলটির বিশ্লেষণে দেখানো হয়েছে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

ফ্যাক্টচেক, আওয়ামী লীগের মশাল মিছিল এআই ছবি
সিন্থ আইডি (বামে) ও সাইটইঞ্জিনে (ডানে) ছবিটি বিশ্লেষণের ফলাফল

ছবি ও ভিডিও শনাক্তকারী টুল হাইভ মডারেশন জানিয়েছে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ। এআই শনাক্তকরণ টুল এআই অর নটের বিশ্লেষণে দেখানো হয়েছে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। 

ফ্যাক্টচেক, আওয়ামী লীগের মশাল মিছিল এআই ছবি
এআই অর নট (বামে) ও হাইভ মডারেশন (ডানে) ছবিটি বিশ্লেষণের ফলাফল

অর্থাৎ, গোপালগঞ্জে আওয়ামী লীগের দীর্ঘ মশাল মিছিলের দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি। 

আরো কিছু লেখা