সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে আওয়ামী লীগের দাবি করে প্রচার

“মুজিব সৈনিক”দের নামে ছড়ানো ভিডিওটি আসলে বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

“খেলা শুরু নেমে গেছে মুজিব সৈনিকেরা”- এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উপস্থিত জনতার মুখে ‘জয় বাংলা’ এবং জামায়াত-শিবির ও বিএনপিবিরোধী স্লোগান শোনা যায়। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি আওয়ামী লীগের আন্দোলনের নয় এবং সেখানে ব্যবহৃত অডিওটিও সম্পাদিত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এটি ২০২৫ সালের ২৩ নভেম্বর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৬ জুলাই ভিডিওটি পোস্ট করা হয়। ৩৬ সেকেন্ডের ভিডিওতে একাধিক ব্যক্তিকে ব্যানার হাতে আন্দোলন করতে দেখা যাচ্ছে। তাদের বলতে শোনা যায়, ‘বিএনপি ও জামায়াত-শিবিরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ একইসঙ্গে ‘জয় বাংলা’ বলেও তাদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। 

বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে আওয়ামী লীগের দাবি করে প্রচার
ভুয়া দাবিতে ছড়ানো একাধিক ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৪৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। পোস্টে ছয় হাজারের বেশি প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক হাজারেরও বেশি বার পোস্টটি শেয়ার করা হয়েছে। এছাড়া, ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ (,,,,,) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওর একাধিক কিফ্রেম রিভার্স সার্চ করলে সংবাদমাধ্যম ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৩ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনের শিরোনামে লেখা, “পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ ব্লকেড করেছেন ৪৭তম বিসিএস লিখিত পরিক্ষার্থীরা।” নতুন দাবিতে ছড়ানো ভিডিওটির সঙ্গে ১৫ মিনিট ২৮ সেকেন্ডের এই প্রতিবেদনের শুরুর অংশের মিল পাওয়া যায়। দুই ভিডিওতেই শাহবাগের ‘জুলাই ৩৬’ চত্বর, স্লোগান দেওয়া সাদা টি-শার্ট পরা ব্যক্তি এবং তার পাশে থাকা নীল-সাদা ও হলুদ পোশাক পরা দুজনকে দেখা যায়। এছাড়া স্লোগানরত জনতার পেছনে থাকা মাইক লাগানো দুটি রিকশা এবং একাধিক ব্যানারও একই রকম।

শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের পুরোনো ভিডিও প্রতিবেদন
আসল ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট।

তবে মূল ভিডিওতে আন্দোলনকারীদের পিএসসিকে “স্বৈরাচার” বলে স্লোগান দিতে শোনা গেছে। কোথাও ভিডিওতে জামায়াত-শিবির কিংবা বিএনপিবিরোধী কোনো স্লোগান বা “জয় বাংলা” উচ্চারণ করতে শোনা যায়নি।

অধিকতর যাচাইয়ে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও দেখা যায়, সংবাদমাধ্যমে এই আন্দোলন নিয়ে একাধিক(,,,) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ২০২৫ সালের অক্টোবর মাস থেকেই দাবি জানিয়ে আসছিল পরীক্ষার্থীরা। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, পরীক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই ২৩ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে বিজ্ঞপ্তিতে বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু করার ঘোষণা দেওয়া হয়। সেদিন আবারও বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে পুলিশের দেওয়া ব্লকেড ভেঙে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের শাহবাগ ব্লকেড ভেঙে আন্দোলনের এই পুরোনো দৃশ্যকে আওয়ামী লীগের আন্দোলনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

আরো কিছু লেখা