
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে কোনো কার্যকর ভূমিকা থাকবে না বলে জানিয়েছে সেনাবাহিনী। সামাজিক মাধ্যম সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে এমন দাবি করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৭ নভেম্বরে গাজীপুরে ‘চিহ্নিত সন্ত্রাসী’ এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের দৃশ্য এটি।
ফেসবুকে “সেলিনা হায়াৎ আইভি” নামের একটি পেজ থেকে গত ২২ জুন ১৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “আগামীকাল ২৩ জুন আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘিরে সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমনিতেই সেনাবাহিনী বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে, আপনারা নির্ভয়ে প্রস্তুতি গ্রহন করুন এবং স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামুন। আগামীকাল ঢাকার রাজপথ আমাদের দখলে থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা জয় #বঙ্গবন্ধু.।”

এ পর্যন্ত ভিডিওটি প্রায় ৮২ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ১৭৭ বার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল থেকেও (১, ২, ৩, ৪) একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে “লুৎফর” নামফলক পরিহিত এক সেনা কর্মকর্তাকে ন্যায় এবং দেশের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করা প্রসঙ্গে কথা বলতে দেখা যায়। এখানে কর্মকর্তার বক্তব্যের সঙ্গে পোস্টের বিবরণে লেখা দাবির কোনো মিল পাওয়া যায় না।
ভিডিওর কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ঢাকা প্রতিদিনের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। গত বছরের ৭ নভেম্বরে প্রকাশিত ভিডিওর শিরোনামে লেখা, “গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং।” ৪ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওর ১২ সেকেন্ড থেকে ২২ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একাধিক গণমাধ্যমের এ বিষয়ে (১, ২, ৩) ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
এ ঘটনা নিয়ে অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক (১, ২, ৩) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ৭ নভেম্বর যুগান্তরের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “এনামুলের গ্রেফতার ঘিরে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ সেনাবাহিনীর।”

প্রতিবেদনে বলা হয়, গাজীপুরে ‘চিহ্নিত সন্ত্রাসী’ এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সেনাবাহিনী। এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে গাজীপুর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী সবসময় ন্যায়ের এবং দেশের পক্ষে। ৭ নভেম্বর গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটের সেনা ক্যাম্পে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান এসব কথা বলেন।
অর্থাৎ, সেনা কর্মকর্তার বক্তব্যের ভিডিওটি ভিন্ন ঘটনায় দেওয়া বক্তব্যের একটি অংশ। এর সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, এর আগেও একই ভিডিও নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।