সেনাবাহিনীর সদস্যরা বলছেন ৫ আগস্ট সেনাবাহিনীর ভূমিকা ভুল ছিল, এমন দাবিতে দুটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৫ অক্টোবর এবং ৬ অক্টোবর “৫ আগষ্ট বাংলাদেশ সেনাবাহিনী ভুল ছিলো। সেনাবাহিনী। বাংলাদেশ।” ক্যাপশনে দুটি ভিডিও পোস্ট করা হয়। ১০ সেকেন্ডের ভিডিওগুলোতে সেনাবাহিনীর পোশাক পরা একজনকে বলতে শোনা যায়, “আমি সাদিক, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। ৫ আগস্ট আমাদের ভুল ছিল। বিগত দুই বছর বাংলাদেশ ভালো নেই। দেশের প্রয়োজনে আবার যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।” আরেক ভিডিওতে রাসেল নামের আরেক ব্যক্তি একই ধরনের কথা বলেন।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত একটি ভিডিও ৮৩ হাজারের বেশি বার দেখা হয়েছে। অন্য ভিডিওটি ৫৯ হাজারের বেশিবার দেখা হয়েছে।
ফেসবুকের একাধিক প্রোফাইল এবং গ্রুপ থেকে (১, ২, ৩, ৪, ৫) ভিডিওগুলো পোস্ট হতে দেখা গেছে।

ছবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে এর দৃশ্যগত বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা হয়। একটি ভিডিওতে সেনাবাহিনীর পোশাকে নামফলকে সেনাসদস্যের নামের পরিবর্তে “বাংলাদেশ” লেখা দেখা যায়। মিলিটারি রিবনে বাংলা অক্ষরে কিছু শব্দ লেখা থাকতে দেখা যায়, যা কোনো অর্থ বহন করে না।
অধিকতর যাচাইয়ে জন্য ভিডিওগুলো গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে পরীক্ষা করা হয়। গুগল সিন্থআইডির ফলাফলে জানানো হয়, “বিশ্লেষণ করে দেখা গেছে, ভিডিওগুলোর অডিও এবং ভিডিও গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত করা হয়েছে।”
আরেকটি এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে যাচাই করেও দেখা যায়, ভিডিওগুলো এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯%।

অর্থাৎ, সেনাসদস্যের বক্তব্য দাবিতে ছড়ানো ভিডিওগুলো এআই দিয়ে তৈরি।

