নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্টচেক আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়া দেওয়ার ছবিটি এআই দিয়ে তৈরি

আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়া দেওয়ার ছবিটি এআই দিয়ে তৈরি

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি সড়কে বেশ কয়েকজন ব্যক্তি আর্জেন্টিনার জার্সি গায়ে এবং পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। তাদের দিকে তেড়ে যাচ্ছেন সেনাবাহিনীর পোশাক পরা চার ব্যক্তি। সড়কের অন্য দিকে সেনাবাহিনীর দুটি ট্যাংক দেখা যায়। এমন একটি দৃশ্যপটের ছবি ছড়িয়ে বলা হচ্ছে, আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করায় সেনাবাহিনীর হাতে মার খেয়েছেন সমর্থকেরা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি এআই দিয়ে নির্মিত।     

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৭ জুন ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে সেনাবাহিনী হালকা দোলাই ১০ জন আহত আর্জেন্টিনার সাপোর্টার ভাই ব্রাদার কি রাগ করলা।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটি ৩৫৫ বার শেয়ার হয়। প্রতিক্রিয়া জানানো হয় ২ হাজার ৫০০ বারের বেশি।

ফ্যাক্টচেক আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়া দেওয়ার ছবিটি এআই দিয়ে তৈরি
এআই দিয়ে বানানো ছবি শেয়ার করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ছবিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত ব্যক্তিদের পেছনে একটি বাস দেখা যায়। সড়কের অন্য পাশে ট্যাংকগুলোর একটু সামনে একটি বিলবোর্ডও দেখা যায়।

ভিন্ন আরেকটি পোস্টে একই ছবি ফটোকার্ড আকারেও পাওয়া যায়। একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ছবির ভেতরে লেখা, “খুশিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে সেনাবাহিনী হালকা ধোলাইয়ে ১০ জন আহত, কি রাগ করলা।” এ ছবিতে নিচে ডান কোনে জেমিনির লোগো দেখা যায়। গুগল অ্যাসিস্ট্যান্ট জেমিনির “ন্যানো বানানা” নামের একটি মডেল ব্যবহার করে ছবি সম্পাদনা করলে সম্পাদিত ছবিতে এমন জলছাপ থাকে।

ফেসবুকের একাধিক (,,,,) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়।  

প্রচারিত ছবিটির সত্যতা যাচাইয়ে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থ-আইডি ও হাইভ মডারেশন দিয়ে পরীক্ষা করে ডিসমিসল্যাব। গুগল সিন্থআইডি ফলাফলে জানায়, “ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে যে, এটি গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত করা হয়েছে।”

ছবিটি গুগলের ‘সিন্থ-আইডি’ প্রযুক্তিনির্ভর একটি বিশেষায়িত শনাক্তকরণ টুলেও পরীক্ষা করা হয়। এই টুলটি ছবির ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণ করে ভিজ্যুয়াল ফলাফল প্রদর্শন করে। পরীক্ষায় ছবিটির মাঝখানের অংশে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতির প্রমাণ মেলে। সেখানে টুলের শনাক্তকরণের আত্মবিশ্বাস মাত্রা বা ‘কনফিডেন্স লেভেল’ ছিল ‘খুবই উচ্চ’ (Very High)। ফলাফলের হিটম্যাপে ছবির উপরের এবং নিচের অংশটুকু ছাড়া বাকি সম্পূর্ণ অংশ নীল রঙের গ্রিড দিয়ে চিহ্নিত করা হয়েছে। সিন্থ-আইডির পরিভাষায় যার মানে, ছবিগুলোর ওই নির্দিষ্ট অংশগুলোতে গুগল এআই-এর চিহ্ন শনাক্ত করা গেছে।

ফ্যাক্টচেক আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়া দেওয়ার ছবিটি এআই দিয়ে তৈরি
হাইভ মডারেশন টুল (বামে) এবং গুগলের বিশেষায়িত সিন্থ-আইডি টুলের (ডানে) ওয়াটারমার্ক বিশ্লেষণ (সূত্র-তৌসিফ আকবর, সিনিয়র ফ্যাক্টচেকার, বুম বাংলাদেশ)।

পরবর্তীতে ছবিটি হাইভ মডারেশনে পরীক্ষা করলে ফলাফলে দেখা যায়, এটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। এছাড়াও, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এ ধরনের কোনো ঘটনা বা আসল ছবি খুঁজে পায়নি ডিসমিসল্যাব। 

অর্থাৎ, আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়া দেওয়ার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

আরো কিছু লেখা