তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 1 month old
জঙ্গিবিরোধী অভিযানের ভিডিও ভারতীয় আটকের ভুয়া দাবিতে প্রচার

জঙ্গিবিরোধী অভিযানের ভিডিও ভারতীয় আটকের ভুয়া দাবিতে প্রচার

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী এক বাড়ি থেকে অস্ত্রসহ তিন ভারতীয়কে আটক করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি ভুয়া। ভিডিওটি ২০১৭ সালে সেনাবাহিনীর এক জঙ্গিবিরোধী অভিযানের দৃশ্য, সে অভিযানে ভারতীয় বা অন্য কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিফেন্স একাত্তর বিডি নামে এক ফেসবুক পেজ থেকে ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, গোলাগুলির শব্দের মধ্যে একটি ভবনের বাইরে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা অবস্থান নিচ্ছেন। 

জঙ্গিবিরোধী অভিযানের ভিডিও ভারতীয় আটকের ভুয়া দাবিতে প্রচার
ভুয়া দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

পোস্টে লেখা ছিল, “এক বাড়ি থেকে ৩ ভারতীয় কে অস্ত্র সহ আটক করলো বাংলাদেশ সেনাবাহিনী” (বানান অপরিবর্তিত)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৩৫ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ৫৬০ বার শেয়ার হয়েছে। 

কিফ্রেম সার্চে মূল ঘটনা নিয়ে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন (১, ২) খুঁজে পায় ডিসমিসল্যাব। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়। বিবিসি বাংলা ও বিডিনিউজ টোয়েন্টিফোরে প্রকাশিত ছবির সঙ্গে ভিডিওতে দৃশ্যমান ভবনের রং ও নকশা, এর সামনের হলুদ পিকআপ ভ্যান, ভবনের কাছে সুপারি গাছের সারি মিলে যায়। 

জঙ্গিবিরোধী অভিযানের ভিডিও ভারতীয় আটকের ভুয়া দাবিতে প্রচার
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট

২০১৭ সালের ২৭ ও ২৮ আগস্ট প্রকাশিত এসব প্রতিবেদন থেকে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় আতিয়া মহল নামে একটি ভবনকে ঘিরে ‘অপারেশন টোয়াইলাইট’ নামের অভিযান চলে। এই অভিযানে ভবনটির ভেতরে চারজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। নিহত ব্যক্তিরা ছাড়া ভেতরে আর কোনো জঙ্গি থাকার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়। এই অভিযানে কোনো ভারতীয় বা অন্য কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ভিডিওটি ২০১৭ সালে সিলেটে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’-এর দৃশ্য, ভারতীয়কে আটকের নয়। 

আরো কিছু লেখা