বর্তমানে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, একাধিক সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে এমন দাবি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ইসলামিক স্টেট (আইএসআইএল) ও তালিবান নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি তথ্যচিত্র থেকে নেওয়া। ১০ বছরের বেশি পুরোনো এই তথ্যচিত্রে আইএসকে আফগানিস্তানের একটি গ্রামে শিশুদের অস্ত্র প্রশিক্ষণ দিতে দেখা যায়।
কয়েকজন শিশুকে অস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছেন মুখোশধারী এক ব্যক্তি— এরকম দৃশ্যের একটি ভিডিও গত ১৫ জুন পোস্ট করা হয়েছে বিডিরেজিস্টস নামে একটি ফেসবুক পেজ থেকে। ১১ সেকেন্ডের এই ভিডিও-এর ক্যাপশনে লেখা হয়েছে, “বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যাবস্থা, অস্ত্র প্রশিক্ষন দিচ্ছেন। এটাই এখন বাংলাদেশের অবস্থান”।

এ পর্যন্ত ভিডিওটি প্রায় দেড় লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে আড়াই হাজার বারের বেশি। মন্তব্যে একজন লিখেছেন, “বাংলাদেশে বর্তমানে জঙ্গি শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা সন্তানকে হেফাজতে রাখুন” (বানান অপরিবর্তিত)। আরেকজন লিখেছেন, “এগুলো হচ্ছে জামাতের কাজ।” কেউ কেউ দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
একই ভিডিও একই ক্যাপশন ইংরেজিতে অনুবাদ করে পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যম এক্স থেকেও। গতকালের (১৬ জুন) এই পোস্ট এ পর্যন্ত ১১ বার শেয়ার করা হয়েছে, ভিডিওটি দেখা হয়েছে চার হাজারের বেশি বার।
ঘটনার সত্যতা যাচাইয়ে কিছু প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চে ভিডিওর দৃশ্যের মূল উৎস খুঁজে পাওয়া যায়। ১১ সেকেন্ডের ঐ দৃশ্য আল জাজিরার ৪৭ মিনিট ৪৪ সেকেন্ডের একটি তথ্যচিত্র থেকে নেওয়া। ইসলামিক স্টেট (আইএসআইএল) ও তালিবান নিয়ে ২০১৫ সালের ২ নভেম্বর এই তথ্যচিত্র প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দৃশ্যমান মুখোশধারী, প্রশিক্ষণ প্রাপ্ত শিশুর পোশাক, তাদের অঙ্গভঙ্গি ও আশেপাশের পরিবেশ সবই উক্ত তথ্যচিত্রের দৃশ্যের সঙ্গে মিলে যায়। তথ্যচিত্রের ৪৬ মিনিট ১৫ সেকেন্ড থেকে একটি শিশুকে অস্ত্র চালনা শেখাতে দেখা যায়, যার কয়েক সেকেন্ড মিরর করে বর্তমানে বাংলাদেশের দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এই তথ্যচিত্রে আফগানিস্তানে আইএসআইএল-এর উত্থান, তালিবান ও আফগান সরকারের সাথে তাদের আধিপত্যের লড়াই এবং শিশু ও বিদেশি যোদ্ধাদের ব্যবহার করে অঞ্চলটিতে তাদের প্রভাব বিস্তারের চিত্র তুলে ধরা হয়েছে। এরই সূত্র ধরে এই তথ্যচিত্রে আইএসকে আফগানিস্তানের একটি গ্রামে শিশুদের অস্ত্র প্রশিক্ষণ দিতে দেখা যায়।
অর্থাৎ, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়, আফগানিস্তানের।

