নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
মাল্টার ভিডিও ইসরায়েলের সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের দৃশ্য বলে প্রচার

ইসরায়েলের সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের দাবি, ভিডিওর দৃশ্য মাল্টার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠেছে ইসরায়েলের একটি সামরিক সমরাস্ত্র কারখানা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি ইসরায়েলের নয়, দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার একটি ঘটনার। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, গত ১ জুন ভোরে মাল্টার মাঘতাব এলাকার ত্রিক ইল-কাদি নামক সড়কে অবস্থিত লরডেস আতশবাজি কারখানায় প্রচণ্ড বিস্ফোরণ হয়।

ফেসবুকে “অন্যায় এর বিরুদ্ধে গর্জন” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১ জুন ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো #ইসরাইলের একটি #সামরিক #সমরাস্ত্র কারখানা।” ৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি জায়গা থেকে ক্রমাগত বিস্ফোরণ হচ্ছে এবং আগুন জ্বলছে। ৪ সেকেন্ডে একটি প্রচণ্ড বিস্ফোরণ হয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বারের বেশি। প্রতিক্রিয়া ছিল ১ হাজারের বেশি।

মাল্টার ভিডিও ইসরায়েলের সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের দৃশ্য বলে প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পরা ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক (, , , , , ) ব্যক্তিগত প্রোফাইল এবং পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামের একাধিক (, , ) অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। 

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মাল্টা-ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার প্রতিবেদন পাওয়া যায়। গত ১ জুনে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “দেখুন: আতশবাজি কারখানার বিস্ফোরণে কেঁপে উঠল মাল্টা।” এ প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, “সোমবার সকালে সালিনা এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণ এবং তার পর পর বেশ কয়েকটি ছোটখাটো বিস্ফোরণে একটি আতশবাজি কারখানা উড়ে যায়, যার ফলে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ত্রিক ইল-কাদিতে অবস্থিত লরডেস ফায়ারওয়ার্কস ফ্যাক্টরির এই বিস্ফোরণে ওই এলাকার অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পুলিশ জানিয়েছে যে কারখানায় কর্মরত সকল কর্মী এবং প্রতিবেশীদের সুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।” 

মাল্টার ভিডিও ইসরায়েলের সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের দৃশ্য বলে প্রচার
মূল ঘটনা নিয়ে সংবাদ প্রতিবেদন।

একাধিক (, , , , ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও ভিডিওটি ব্যবহৃত হয়েছে এবং একে মাল্টার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, “উত্তর মাল্টার একটি আতশবাজি কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার তীব্রতায় কয়েক কিলোমিটার দূরের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় কারখানার ভেতরে কোনো কর্মী ছিলেন না, তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে কাছাকাছি মাঠে থাকা দুজন ব্যক্তি আহত হয়েছেন।”

অর্থাৎ, মাল্টার আতশবাজির কারখানার বিস্ফোরণের দৃশ্য প্রচারিত হচ্ছে ইসরায়েলের সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের দাবিতে।

এর আগেও ইসরায়েলকে জড়িয়ে ছড়ানো দাবির একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

আরো কিছু লেখা