নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক দাবি অস্ত্রহাতে বিএনপির সন্ত্রাসী, পুরোনো দৃশ্যের ব্যক্তিটি আওয়ামী লীগ নেতার দেহরক্ষী

দাবি অস্ত্রহাতে বিএনপির সন্ত্রাসী, পুরোনো দৃশ্যের ব্যক্তিটি আওয়ামী লীগ নেতার দেহরক্ষী

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

একাধিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে, নারায়ণগঞ্জের বিএনপির শীর্ষ সন্ত্রাসী কালু মাস্তান অস্ত্র হাতে রাস্তায় শোডাউন দিচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ২০২৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করার মিছিলের। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করা ওই ব্যক্তির নাম মো. জামান। তিনি কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলির দেহরক্ষী। পুলিশ এ ঘটনায় ওই দেহরক্ষীকে আটকের পাশাপাশি অস্ত্রটি জব্দ করে।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২৪ জুন ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “নারায়ণগঞ্জের বিএনপি’র শীর্ষ সন্ত্রাসী কালু মাস্তান। আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির সন্ত্রাসীরা এভাবে বস্ত্র হাতে নিয়ে রাস্তায় শো ডাউন দিচ্ছে, কিন্তু প্রশাসন ওদের কিছুই করছে না। ভিডিওটি ছড়িয়ে দেন যাতে করে এই দৃশ্য আইনের চোখে ধরা পায়।” ১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, লাল-কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি পিঠে অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করছেন। ভিডিওটির উপরে ডান কোনে এনটিভির লোগো দেখা যায়।

ফ্যাক্টচেক দাবি অস্ত্রহাতে বিএনপির সন্ত্রাসী, পুরোনো দৃশ্যের ব্যক্তিটি আওয়ামী লীগ নেতার দেহরক্ষী
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ হাজার বারের বেশি দেখা হয়েছে ভিডিওটি, শেয়ার হয়েছে ১ হাজার বারের বেশি।

ফেসবুকের একাধিক (,,,,,) ব্যক্তিগত প্রোফাইল এবং পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামের একাধিক (,,,) অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও শেয়ার করা হয়।

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এনটিভি নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ নভেম্বরে প্রকাশিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “না.গঞ্জে নৌকার প্রার্থীর মিছিলে অ’স্ত্র’ধা’রী’কে নিয়ে কৌতুহল।” এই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

অধিকতর যাচাইয়ে প্রথম আলোর ২০২৩ সালের প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ছিল, “আচরণবিধি ভেঙে অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে পাটমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল।” এ প্রতিবেদনে অস্ত্রধারীর পরিচয় প্রকাশ করে লেখা হয়, “প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করা ওই ব্যক্তির নাম মো. জামান। তিনি কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলির দেহরক্ষী। ঘটনার পর ওই দেহরক্ষীকে আটকের পাশাপাশি অস্ত্রটি জব্দ করেছে পুলিশ।”

ফ্যাক্টচেক দাবি অস্ত্রহাতে বিএনপির সন্ত্রাসী, পুরোনো দৃশ্যের ব্যক্তিটি আওয়ামী লীগ নেতার দেহরক্ষী
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

একাধিক (,) গণমাধ্যমের প্রতিবেদনেও ঘটনাটি ২০২৩ সালের আওয়ামী লীগের নেতার মিছিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, “গণমাধ্যমে প্রকাশিত অস্ত্রধারী ব্যাক্তি একজন দেহরক্ষী বলে জানিয়েছেন পাটমন্ত্রীর অনুসারীরা। তিনি দস্তগীর গাজীর অনুসারী কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলির দেহরক্ষী হিসেবে কাজ করেন। মন্ত্রীর শোডাউন চলাকালে তিনি শটগান কাঁধে নিয়ে এদিক-ওদিক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন, যা আচরণবিধির লঙ্ঘন।” 

অর্থাৎ, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্রহাতে বিএনপির সন্ত্রাসীর দাবিতে ছড়ানো ভিডিওর ব্যক্তিটি আওয়ামী লীগ নেতার দেহরক্ষীর। 

আরো কিছু লেখা