
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, জামালপুরে এক কৃষকের জমি শুকিয়ে যাচ্ছে, আর বিএনপির কেউ টের পাচ্ছে না। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ছবিটি ভারতের জম্মুর। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ২০১২ সালে ভারতের উত্তর প্রদেশসহ একাধিক প্রদেশে খরা দেখা যায়। ছবিটি সে সময় জম্মুর একটি খেতে এক কৃষকের বসে থাকার দৃশ্য।
সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকে গত ৩ মে একটি ছবি পোস্ট করে ক্যাপশনের এক অংশে লেখা হয়, “জামালপুরে রহিম মিয়ার জমি শুকাচ্ছে, ঢাকায় এসিতে বসে থাকা বিএনপির কেউ টের পাচ্ছে না।” ছবিটিতে দেখা যায়, একটি শুকিয়ে চৌচির হয়ে যাওয়া ফসলের খেতে সাদা পোশাক পরিহিত এক কৃষক বসে আছেন। ছবির নিচের অংশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একটি ফিলিং স্টেশনের ছবি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ২৭৭ বার শেয়ার করা হয়েছে এবং ১১ হাজারের বেশি ব্যবহারকারী এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে।

ফেসবুকের একাধিক (১, ২) গ্রুপ, পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়।
ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য হিন্দুর ২০১৬ সালে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে ছবির ক্যাপশনে বলা হয়, “শুক্রবার জম্মুর কাছে রণবীর সিং পুরায় নিজের অনুর্বর ধানের খেতে একজন কৃষক।” ছবিটির স্বত্ব মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) দেওয়া হয়েছে।
অধিকতর যাচাইয়ে দেখা যায়, ছবিটি সর্বপ্রথম সংবাদমাধ্যমে ব্যবহৃত হয়েছিল ২০১২ সালে। ইয়াহু নিউজের ২০১২ সালের ৩ আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি দেখা যায়। ইয়াহু ছবিটির ক্যাপশনে লিখেছে, “২০১২ সালের ৩ আগস্ট, শুক্রবার ভারতের জম্মু থেকে ৩৪ কিলোমিটার (২১ মাইল) দূরে রণবীর সিং পুরায় এক ভারতীয় কৃষক তার শুকিয়ে ফেটে যাওয়া ধানের খেত দেখাচ্ছেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, তারা এই জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুমে দেশে অন্তত ১০ শতাংশ কম বৃষ্টিপাতের আশঙ্কা করছে। এই ঘাটতির কারণে বিদ্যুৎ-সংকটে থাকা দেশটিতে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, কারণ কৃষকরা তাদের জমিতে জল দেওয়ার জন্য সেচ পাম্পের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। (এপি ফটো/চান্নি আনন্দ)।”

একই দিনে মার্কিং সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার প্রকাশিত প্রতিবেদনেও ছবিটি একই ক্যাপশনে ব্যবহৃত হতে দেখা যায়। “তিন বছরে প্রথমবারের মতো খরার মুখে ভারত” শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, “তিন বছরের মধ্যে প্রথমবারের মতো খরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারত, কারণ এই বছরের মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২০ শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে ভারতের অর্ধেকেরও বেশি এলাকায় অপর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে।”
উল্লেখ্য, ২০১২ সালে ভারতের উত্তর প্রদেশসহ একাধিক প্রদেশে খরা দেখা যায়। ছবিটি জম্মুর একটি খেতে এক কৃষকের বসে থাকার দৃশ্য। অর্থাৎ, ভারতের জমির ছবি ছড়াচ্ছে বাংলাদেশের কৃষকের জমির দাবিতে।
প্রসঙ্গত, জামালপুরে জ্বালানি তেল সংকটের কারণে জমি ফেটে যাওয়া নিয়ে গত ৭ এপ্রিল প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম ঢাকা পোস্ট। প্রতিবেদনে বলা হয়, “জামালপুরে পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে চলতি মৌসুমে বোরো ধানের জমি। এতে মারাত্মক ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষকরা। এদিকে কৃষদের ক্ষতির হাত থেকে বাঁচাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।”