
সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে চট্টগ্রামের বন্যা নিয়ে দেওয়া একটি পোস্টে বন্যার একটি ছবি যুক্ত করেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
চট্টগ্রামের বন্যার ছবিগুলো দেখে মানসিকভাবে অশান্তিতে আছেন জানিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন আনিস আলমগীর। পোস্টের সঙ্গে তিনি একটি ছবি যুক্ত করেন, যাতে দেখা যায়, একটি বন্যাকবলিত এলাকায় নিমজ্জিত ঘরবাড়ির মাঝে মানুষ নৌকায় যাতায়াত করছে। ছবিতে দূরে কিছু টিলা এবং একটি সেতুর কিছু অংশ বন্যার পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। ডুবে থাকা অংশে নৌকা চলছে।

পোস্টটি এ পর্যন্ত শতাধিক বার শেয়ার হয়েছে, প্রতিক্রিয়া পেয়েছে সাড়ে চার হাজারের বেশি। এতে একজন মন্তব্য করেছেন, “ফ্যামিলি কার্ড বিতরণ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অতীব গুরুত্বপূর্ণ ছিলো।”
মন্তব্য বিশ্লেষণে দেখা যায়, কেউ সরকারের সমালোচনা করছেন, কেউ আবার সমালোচনা করছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। কেউ দিচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সময়কার কর্মকাণ্ড অনুসরণের পরামর্শ।
একই ছবি একাধিক ব্যবহারকারীকে অভিন্ন ক্যাপশনে পোস্ট করতে দেখা গেছে সামাজিক মাধ্যমে (১, ২, ৩)।
ছবিটি একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল যেমন হাইভ মডারেশন (৯৯.৯%), এআই অর নট (৭০%) দিয়ে যাচাই করে দেখা গেছে, এই ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

তাই অধিকতর যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব ছবিগুলো গুগল জেমিনি এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে পরীক্ষা করে। টুলটি জানায়, ছবিটি গুগলের এআই টুলের সহায়তায় তৈরি বা সম্পাদনা করা হয়েছে। পরবর্তীকালে গুগল সিন্থআইডির হিটম্যাপ দেখে নিশ্চিত হওয়া যায়, ছবির প্রায় পুরো অংশই এআই নির্মিত বা সম্পাদিত।

মূল পোস্টের মন্তব্যে এক ব্যবহারকারী ছবিটি কোন জায়গায় তোলা হয়েছে — এমন প্রশ্ন করলে উত্তরে আনিস আলমগীর জানিয়েছেন, এটি এআই নির্মিত প্রতীকী ছবি। তবে পোস্টের কোথাও ছবিটি এআই বা প্রতীকী হিসেবে উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, এআই দিয়ে বানানো ছবি ব্যবহার করে চট্টগ্রামের বন্যা নিয়ে লেখা পোস্ট দেওয়া হয়েছে।