সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
AI-generated image falsely showing women eating rice with gloves.

একজন নারী হাতে গ্লাভস পরে ভাত খাচ্ছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

একটি মাদ্রাসায় বোরকা ও নেকাব পরা অনেক নারী একসাথে বসে ভাত খাচ্ছে এমন একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে একজন নারী হাতে কালো গ্লাভসও পরেছেন এবং সে গ্লাভস পরা হাতেই তিনি ভাত খাচ্ছেন এমন দৃশ্যই দেখা যাচ্ছে ছবিতে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।

লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে আজ, ২৫ সেপ্টেম্বর ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনের প্রথম অংশে তিনি লেখেন, “মানবজাতি টিকে থাকবে কি না, তা নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখনও এরা গ্লাভস পরা হাতে ভাত খাচ্ছে। পাছে  কোনও পরপুরুষ তার হাতখানা দেখে ফেলে! হাত দেখলে গুনাহ হবে, আর গুনাহ হলে বেহেস্ত ফসকে যেতে পারে। সেই বেহেস্ত, যেখানে এদের স্বামী বাহাত্তর হুরের সঙ্গে অনন্তকাল সঙ্গম করবে। নিজের হাতটুকু দেখানোর স্বাধীনতা নেই, অথচ স্বামীর অনন্ত যৌনস্বাধীনতার বেহেস্তে পৌঁছোনোর জন্য কী প্রাণপণ চেষ্টা!”

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত এই পোস্টে সাড়ে ৭,৫০০ এর বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ৬০টি মন্তব্য দেখা গেছে। পোস্টটি ৩৫৮ বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক প্রোফাইল (১, ২, ৩, ৪)  ও পেজ থেকে একই ছবিটি পোস্ট হতে দেখা গেছে।

AI-generated image falsely showing women eating rice with gloves.
নারীর গ্লাভস পরে ভাত খাওয়া নিয়ে ফেসবুকে পোস্ট করা একাধিক ছবির স্ক্রিনশট।

ছবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে এর দৃশ্যগত বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা হয়। প্রথম ছবিতে দেওয়ালে টাঙানো ব্যানারের লেখায় কিছুটা অস্পষ্টতা এবং ভুল বানান লক্ষ্য করা গেছে। অন্যদিকে ছবিতে থাকা নারীদের মুখমণ্ডল, হাতের অবস্থান, বসার ধরন, প্লেটের সংখ্যা এসবের মধ্যেও একাধিক অসংগতি ও বিকৃতির লক্ষণ দেখা যায়। একজন নারীর শুধু হাত টেবিলে দৃশ্যমান কিন্তু সেখানে কোনো ভাতের প্লেট নেই। অন্য এক নারীকে দেখে মনে হচ্ছে, তিনি পা তুলে টেবিলে খেতে বসেছেন।

তবে ছবিটি রিভার্স ইমেজ দিয়ে সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্র না পাওয়ায় পরে ছবিটি এআই কিনা যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এআই শনাক্তকরণ টুল ওপেনএআই-এর ইমেজ বিশ্লেষণ ব্যবস্থায় পরীক্ষা করা হলে এটিকে এআই দিয়ে তৈরি ছবি হিসেবে শনাক্ত করা হয়।

AI-generated image falsely showing women eating rice with gloves.
ছবিটি ওপেনএআই টুল দিয়ে তৈরি করা হয়েছে।

অর্থাৎ, এক নারী গ্লাভস পরা হাতে ভাত খাচ্ছেন দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা