
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি দুটি ছবি ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের পতাকা নিয়ে র্যালি বের হয়েছে এমন দৃশ্য দেখিয়ে দেশ কোন দিকে যাচ্ছে, এমন শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবির পাকিস্তানের পতাকাগুলো এআই দিয়ে সম্পাদিত। মাদারীপুর শহরের মডেল মসজিদ মোড়ে গত ২৭ জুন দেড় শতাধিক মুসল্লি কালেমাখচিত পতাকা হাতে জড়ো হন। ছড়িয়ে পড়া ছবি দুটি কালেমাখচিত পতাকা হাতে মোটরসাইকেল র্যালির দৃশ্য থেকে নিয়ে সম্পাদিত করে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে “সোনার বাংলাদেশ” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৫ জুলাই দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “চিন্তা করা যায় দেশ কোন দিখে যাছে রাজাকারের বাচ্চাদের কি অবস্থা দেশে” (বানান অপরিবর্তিত)। ছবি দুটিতে দেখা যায়, পাকিস্তানের পতাকা হাতে বেশ কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে র্যালি করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৩৬৫ বার শেয়ার হয়েছে, প্রতিক্রিয়া দেখিয়েছেন ১ হাজার ২২০০ বারের বেশি ব্যবহারকারী।
ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪) ব্যক্তিগত প্রোফাইল এবং গ্রুপ থেকে একই দাবিতে ছবি দুটি পোস্ট করা হয়।

ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিবিসি বাংলার ৩ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনের শিরোনাম ছিল, “বাংলাদেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী?”। প্রতিবেদনের এক অংশে লেখা হয়, “বাংলাদেশের মাদারীপুর শহরের মডেল মসজিদ মোড়ে গত শনিবার আসরের নামাজ শেষে জড়ো হন দেড় শতাধিক মুসল্লি। সেখানে অনেকের হাতে ছিল কালেমাখচিত পতাকা। কোনোটির রঙ কালো, কোনোটি সাদা। কিছুক্ষণ পর মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় মোটরসাইকেল র্যালি। প্রতিটি মোটরসাইকেলের কোনোটিতে দুইজন, কোনোটিতে তিনজন আরোহী ছিলেন। কয়েকজনের হাতে হ্যান্ডমাইকও দেখা যায়।”
এ প্রতিবেদনে ব্যবহৃত একটি ছবির সঙ্গে ছড়িয়ে পড়া একটি ছবির প্রায় হুবহু মিল রয়েছে। শুধু এখানে ব্যক্তিদের হাতে কালেমাখচিত পতাকা দেখা যায়। এ ছবিটির ক্যাপশন ছিল, “মাদারীপুরে কালেমা খচিত পতাকা নিয়ে মোটরসাইকেল র্যালি।”

আরেকটি ছবি যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, একই দিনে প্রকাশিত বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির ১১ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির হুবহু মিল রয়েছে। এ ছবিতে এক ব্যক্তিকে এক হাতে মাইক নিয়ে কথা বলতে দেখা যায়। তার অন্য হাতে কালেমাখচিত পতাকা দেখা যায়।
প্রচারিত ছবিটির সত্যতা যাচাইয়ে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থ-আইডি দিয়ে পরীক্ষা করে ডিসমিসল্যাব। গুগল সিন্থআইডি ফলাফলে জানায়, “ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত করা হয়েছে।”

অর্থাৎ, ছড়িয়ে পড়া পাকিস্তানের পতাকার ছবি দুটি, কালেমাখচিত পতাকা হাতে মোটরসাইকেল র্যালির দৃশ্য থেকে সম্পাদিত।