
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার সময় মাঠে বাংলাদেশের পতাকাকে সম্মান জানিয়েছে মরক্কোর ফুটবল দল- এমন দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১১ জুলাই ছবিটি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে মরক্কোর একাধিক ফুটবলার। সেখানে বাংলাদেশের পাশাপাশি সৌদি আরবের পতাকাও দেখা যাচ্ছে। ফটোকার্ডের আদলে বানানো ছবির শিরোনামে লেখা, “বাংলাদেশের পতাকা হাতে সম্মান জানিয়ে বিশ্বকাপকে বিদায় বলল মরক্কো”। ক্যাপশনের প্রথম অংশে পোস্টদাতা লিখেছেন, “২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগে মরক্কো দলের হাতে বাংলাদেশের পতাকা দেখা যায়। এই মুহূর্তটি অনেক বাংলাদেশি ফুটবলপ্রেমীর হৃদয় ছুঁয়ে গেছে।”

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ছবিটিতে প্রতিক্রিয়া দেখা গেছে ৪ হাজার ৮০০-এর অধিক এবং পোস্টটি শেয়ার করা হয়েছে ১৮৩ বার। মন্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, একাধিক ব্যবহারকারী ছবিটিকে সত্য বলে ধরে নিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “অনেক সুন্দর একটা দৃশ্য, অসংখ্য ধন্যবাদ মরোক্কোর ফুটবল টিম কে।” আরেকজন মন্তব্য করেছেন, “আলহামদুলিল্লাহ”।
ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ ও গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬) থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়।
অন্যদিকে ফেসবুকে একটি পেজ থেকে আরেকটি ফটোকার্ডের আদলে তৈরি ছবি পোস্ট করা হয়। সেখানেও দেখা যাচ্ছে মরক্কোর ফুটবলাররা এক হয়ে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরে আছে। কার্ডের শিরোনামে হলুদ এবং সাদা হরফে লেখা, “বিদায়ের মুহূর্তেও বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাল মরক্কো! হাতে উড়ল লাল- সবুজের পতাকা🇧🇩” (বানান অপরিবর্তিত) ক্যাপশনে লেখা, “🇲🇦❤️ বিশ্বকাপ থেকে বিদায়ের মুহূর্তেও বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখিয়ে গেল মরক্কো।” এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত, ব্যবহারকারীদের ৯ হাজার ৭০০-এর বেশি প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে এবং পোস্টটি ৬৩০ বার শেয়ার করা হয়েছে।

মরক্কোর খেলোয়াড়েরা বাংলাদেশের পতাকা ধরে আছে, এমন ছবি ও বিভিন্ন ক্যাপশনযুক্ত পোস্ট ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ ও গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) থেকে প্রচার করা হয়।
ছবিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে বেশ কিছু অসংগতি খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রথম ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়,
দ্বিতীয় ও পরের একাধিক ছবিতেও এসব অসংগতি লক্ষ্য করা যায়। এছাড়া, কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যমে বা সামাজিক মাধ্যমের পোস্টে মরক্কো ফুটবল দলকে বাংলাদেশের পতাকা নিয়ে সম্মান প্রদর্শনের কোনো তথ্য পাওয়া যায়নি। এসব অসঙ্গতি দেখেই বোঝা যায় ছবিগুলো আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবিগুলো তৈরি করা হয়েছে।
অধিকতর যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব গুগলের এআই শনাক্তকারী টুল “ভেরিফাই এআই” দিয়ে পরীক্ষা করে। গুগল জেমিনির ভেরিফাই এআই ছবিটি বিশ্লেষণ করে দেখেছে, এটি গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত করা হয়েছে।

সুতরাং, ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার সময় মরক্কোর ফুটবল দল বাংলাদেশ পতাকাকে সম্মান প্রদর্শন করেছে, এমন দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে নির্মিত।
প্রসঙ্গত, গত ১০ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপযাত্রা শেষ হয়েছে মরক্কোর।