মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a viral photocard falsely claiming Prime Minister Tareque Rahman said Sheikh Hasina would be brought back to Bangladesh with state honors, traced to a satire Facebook page.

শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্যের ফটোকার্ডটি স্যাটায়ার পেজের

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে দেশে আনা হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করেছেন- দাবিতে একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে ফটোকার্ডটি ছড়িয়েছে একটি স্যাটায়ার পেজ থেকে।

গত ২২ ফেব্রুয়ারি কমেডি আজিজুল নামের ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে লেখা, “শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা হবে- তারেক রহমান।” নিচে অ্যাডিডাসের লোগো নকল করে বিজ্ঞাপনের আদলে লেখা, “আব্বাস সু, রোনালদোর প্রথম পছন্দ।”

Fact-check of a viral photocard falsely claiming Prime Minister Tareque Rahman said Sheikh Hasina would be brought back to Bangladesh with state honors, traced to a satire Facebook page.
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি এক হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে। পোস্টে নয় হাজারের বেশি প্রতিক্রিয়া ছিল। ব্যবহারকারীদের মন্তব্য করতে দেখা গেছে আট শর বেশিবার।

একজন মন্তব্য করেছেন, “মাশাল্লাহ যেমন ছিলেন মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান তানারি সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার চিন্তা ধারা সবই আপনার বাবার মতন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আপনি মহান নেতা হয়ে পৃথিবী জয় করবেন ইনশাআল্লাহ।” আরেকজন লিখেছেন, “মিলেমিশে থাকলে অনেক ভালো উদ্যোগ।” 

সত্যতা যাচাইয়ে রিভার্স সার্চ করলে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের ফেসবুক প্রোফাইলে একই ফটোকার্ডের একটি স্ক্রিনশট পাওয়া যায়। গত ২৩ ফেব্রুয়ারি ওই আইডি থেকে করা পোস্টে ছড়ানো ফটোকার্ডের পাশাপাশি আরেকটি ফটোকার্ডেরও স্ক্রিনশট পোস্ট করা হয়।

Fact-check of a viral photocard falsely claiming Prime Minister Tareque Rahman said Sheikh Hasina would be brought back to Bangladesh with state honors, traced to a satire Facebook page.
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের ফেসবুক প্রোফাইলে একই ফটোকার্ডের স্ক্রিনশটসহ প্রকাশিত পোস্ট।

পোস্টের ক্যাপশনে লেখা হয়, “সবার দৃষ্টি আকর্ষণ করছি। ভোটের মাধ্যমে দেশের জনগণের থেকে প্রত্যাখ্যান হয়ে জামায়াত শিবির এবং তাদের বট বাহিনী স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ভুয়া আইডি ও ভুয়া পেইজ খুলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। ওরা মুখে ধর্মের কথা বলে, আদর্শের কথা বলে কিন্তু বাস্তবে ভন্ডামি ও মিথ্যাচার ওদের আদর্শ। সবার দৃষ্টি আকর্ষণ করছি। জামায়াত, শিবির ও তাদের বট বাহিনীর গুজব ও মিথ্যাচারে কেউ বিভ্রান্ত হবেন না। আমি বা বিএনপির নেতাকর্মী কেউ এমন কথা কখনও কোথাও বলিনি।”
স্ক্রিনশটে দেখা যায়, “লালমাইয়া টিভি” নামের একটি ফেসবুক পেজ থেকে যাচাইকৃত ফটোকার্ডটি পোস্ট করা হয়েছিল। 

ফেসবুকে নামটি লিখে সার্চ দিলে হুবহু একই নামে একটি স্যাটায়ার/প্যারোডি পেজ খুঁজে পাওয়া যায়। পেজটি থেকে গত ২২ ফেব্রুয়ারি ফটোকার্ডটি পোস্ট করা হয়েছিল। প্রাসঙ্গিক কিওয়ার্ড ও রিভার্স সার্চ করে তারেক রহমানের বক্তব্য দাবিতে এমন কোনো ফটোকার্ড বা তথ্য এর আগে প্রকাশিত হতে দেখা যায়নি।

Fact-check of a viral photocard falsely claiming Prime Minister Tareque Rahman said Sheikh Hasina would be brought back to Bangladesh with state honors, traced to a satire Facebook page.
স্যাটায়ার/প্যারোডি পেজ ‘লালমাইয়া টিভি’ থেকে প্রকাশিত ফটোকার্ডের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এছাড়াও, এই পেজটি থেকে তারেক রহমানসহ বিভিন্ন সেলিব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য দাবিতে একই ধরনের ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে। পেজের পরিচিতিতে লেখা আছে, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না। আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।”

অর্থাৎ, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে দেশে আনা হবে, তারেক রহমানের এমন মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি মূলত একটি স্যাটায়ার কনটেন্ট। 

আরো কিছু লেখা